ভোলায় উদ্যোক্তাদের বস্তায় আদা ও হলুদ চাষে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় উদ্যোক্তা পর্যায়ে বস্তায় আদা ও অন্যান্য ফসল চাষে আগ্রহ বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোলা সদর উপজেলার হাজীরহাট এলাকায় এ প্রশিক্ষণের আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ২০২৫-২০২৬ অর্থবছর থেকে স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (কৃষি) প্রকল্পের আওতায় জিজেইউএস বিভিন্ন টেকসই উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে উদ্যোক্তাদের নিয়ে “বস্তায় আদা ও অন্যান্য ফসল চাষ বিষয়ক” এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুল হাসান। প্রশিক্ষণ সঞ্চালনা করেন জিজেইউএসের কৃষি কর্মকর্তা মো. মুরাদ হোসেন চৌধুরী। এ সময় সংস্থাটির স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (কৃষি) কার্যক্রমের ফোকাল পারসন ডা. অরুণ কুমার সিনহাও উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে হাতে-কলমে বাস্তব চাষ পদ্ধতি ও অভিজ্ঞতা বিনিময় করেন উদ্যোক্তা মো. মিজানুর রহমান। এছাড়া পরাণগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক অনুপ পোদ্দার বলেন, কৃষিভিত্তিক এ ধরনের উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।
দিনব্যাপী প্রশিক্ষণে বস্তায় আদা ও হলুদসহ বিভিন্ন ফসল চাষের উপকারিতা, মৌসুমভিত্তিক ব্যবহার পদ্ধতি, মাটি প্রস্তুত, পরিচর্যা, জৈব বালাইনাশকের ব্যবহার এবং উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, স্বল্প জায়গা ও কম খরচে বস্তায় আদা ও হলুদ চাষ লাভজনক হওয়ায় তারা এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়েছেন।
