সর্বশেষঃ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টসের মার্শাল আর্ট উৎসব

স্টাফ রিপোর্টার ॥
ভোলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করল “নতুন কুঁড়ি স্পোর্টস” এর জেলা পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতা। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ, চমৎকার কৌশল প্রদর্শন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন ভোলার ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বুধবার (১৩ মে) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামের ইনডোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এতে তাইকোয়ানডো, কারাতে, জুডো ও উশু ইভেন্টে জেলার বিভিন্ন এলাকার ক্ষুদে খেলোয়াড়রা অংশ নেয়।
দিনব্যাপী প্রতিযোগিতায় ছোট ছোট খেলোয়াড়দের আত্মবিশ্বাসী উপস্থিতি ও মনোমুগ্ধকর নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। প্রতিটি ইভেন্টে ছিল উত্তেজনা, প্রতিযোগিতা ও আনন্দের মিশেল। বিশেষ করে কারাতে ও তাইকোয়ানডো ইভেন্টে অংশগ্রহণকারীদের দক্ষতা দেখে অতিথি ও অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা সহকারী কমিশনার (সাধারণ শাখা ও সংস্থাপন শাখা) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান মহদোয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম, জেলা মার্শাল আর্ট কোচ ও সাংবাদিক মোঃ আব্দুর রহমান হেলাল, সহকারী কোচ মোঃ মহিউদ্দিন, জেলা সুইমিং কোচ মোঃ আব্দুল মোমেন, জেলা ফুটবল কোচ বেনু চন্দ্র পাল, সাংবাদিক মেহেদী হাসান সুমন এবং শিক্ষক মাকসুদুর রহমান পিন্টুসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।
পুরস্কার গ্রহণের সময় শিশু-কিশোরদের আনন্দঘন মুহূর্ত পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। বিজয়ীরা নিজেদের অর্জনে গর্ব প্রকাশ করে ভবিষ্যতে বড় পর্যায়ে খেলার স্বপ্নের কথা জানায়। অনেক অভিভাবকও এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান।
আয়োজন সফল করতে জেলা মার্শাল আর্ট কোচ মোঃ আব্দুর রহমান হেলাল ও সহকারী কোচ মোঃ মহিউদ্দিনের ভূমিকা ছিল প্রশংসনীয়। প্রতিযোগীদের প্রশিক্ষণ, ইভেন্ট পরিচালনা ও খেলোয়াড়দের মানসিকভাবে উৎসাহ দিতে তারা নিরলসভাবে কাজ করেন। আয়োজকদের মতে, তাদের আন্তরিক প্রচেষ্টার কারণেই প্রতিযোগিতাটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু একটি ক্রীড়া আয়োজন নয়; বরং এটি শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, আত্মরক্ষা, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।