এতিম শিক্ষার্থীর উচ্চশিক্ষার দায়িত্ব নিলো ভোলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম
এতিম শিক্ষার্থীর উচ্চশিক্ষার দায়িত্ব নিলো ভোলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সরকারি কলেজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম হাসান। আর্থিক সংকটের কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভর্তি অনিশ্চয়তায় পড়া এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তার ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি আগামী চার বছরের শিক্ষাজীবনের সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
জানা যায়, বাবা হারা পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মেধাবী ওই শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন। বিষয়টি জানতে পেরে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম হাসান ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীর ভর্তি ফি প্রদান করেন এবং ভবিষ্যতে পড়ালেখার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি বলেন, ভোলা সরকারি কলেজ ছাত্রদল শুধু রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিতে বিশ্বাস করি। একজন শিক্ষার্থীর স্বপ্ন বাঁচানো মানে একটি পরিবারকে বাঁচানো, একটি ভবিষ্যৎকে আলোকিত করা। আমরা চাই, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন থেমে না যাক। মানবিকতা, দায়িত্ববোধ ও শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমেই ছাত্রদল শিক্ষার্থীদের আস্থার জায়গা হয়ে উঠবে ইনশাআল্লাহ।
যুগ্ম আহ্বায়ক নাইম হাসান বলেন, একজন শিক্ষার্থীর চোখের স্বপ্ন কখনো টাকার অভাবে থেমে যেতে পারে না। যতদিন সামর্থ্য থাকবে, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবো। শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যৎ রক্ষায় ছাত্রদল সবসময় কাজ করে যাবে।
শিক্ষার্থী ও সচেতন মহল এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এ ধরনের সমাজসেবামূলক কাজ তরুণদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অসহায় শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অনুপ্রেরণা যোগাবে।
শিক্ষার্থীর পরিবারও এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাবা হারা আমাদের সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন প্রায় ভেঙে যাচ্ছিল। এমন সময়ে পাশে দাঁড়ানো সত্যিই মানবিকতার বড় উদাহরণ। মানবিকতা, দায়িত্ববোধ ও শিক্ষাবান্ধব উদ্যোগের মাধ্যমে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের এই সহায়তা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।
