ভোলার ধনিয়ায় কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥
ভোলার ধনিয়া ইউনিয়নে কিশোরীদের শিক্ষা, সচেতনতা ও নেতৃত্ব বিকাশে ‘শিক্ষা সুরক্ষা: কমিউনিটি-লেড এডুকেশন প্রোমোশন ইন রুরাল বাংলাদেশ’ প্রকল্পের আওতায় কিশোরী ক্লাব গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলি মাধ্যমিক বিদ্যালয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় কিশোরী ক্লাব গঠনের উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন জিজেইউএসের অফিসার মো. কামরুজ্জামান।
এ সময় বক্তব্য দেন জিজেইউএসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন এবং প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুজ্জামান আনসারি। সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গ্রামীণ এলাকায় কিশোরীদের ঝরে পড়া রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে কিশোরী ক্লাব কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এসব উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও মত দেন তারা।
সভা শেষে নবম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তারকে সভাপতি, অষ্টম শ্রেণির শিক্ষার্থী আইসা আয়শা আক্তারকে সহসভাপতি এবং হাবিবা আক্তারকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কিশোরী ক্লাব পরিচালনা কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে সহকারী শিক্ষক ইসরাত জাহানকে সদস্যসচিব করা হয়েছে।
