ভোলায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে শিক্ষার্থী ও তরুণদের রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) ধনিয়া ইউনিয়নের গুলি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের আয়োজন করে ইয়ুথ ফোরাম। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও স্থানীয় ওয়াচ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে নেতৃত্ব দেন ইয়ুথ ফোরামের সদস্যরা। ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করেন জিজেইউএসের চিকিৎসক ডা. রেবিকুন নাহার ও ডা. মল্লিক মেহেদী।
সার্বিক সহযোগিতায় ছিলেন জিজেইউএসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন, প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ এবং কর্মকর্তা মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুজ্জামান আনসারি।
আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইয়ুথ ফোরামের সদস্য, ওয়াচ কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইয়ুথ ফোরামের সদস্যরা জানান, এদিন ১৩৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
