ভোলার ইলিশা লঞ্চঘাট নৌ-প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ছোটন সাহা ॥
ঈদ উপলক্ষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ভোলার ইলিশা লঞ্চঘাটসহ জেলার বিভিন্ন নৌঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে আকস্মিক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের এই ব্যস্ত সময়ে লঞ্চগুলো যেন নির্ধারিত সময়সূচি মেনে চলাচল করে এবং অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সে বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় নিয়মিত মনিটরিং করছে। এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক-কোথাও বড় ধরনের কোনো সমস্যা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আমরা চাই ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেমন নির্বিঘ্ন হয়, তেমনি ফিরতি যাত্রাও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হোক। বিপুল সংখ্যক যাত্রীর যাতায়াত নিশ্চিত করা আমাদের দায়িত্ব, এবং আমরা তা যথাযথভাবে পালন করছি।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা-সংক্রান্ত বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তাঁর আকস্মিক উপস্থিতিতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা ঘিরে নৌপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে একাধিক পর্যবেক্ষণ টিম কাজ করছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ বেলাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইব্রাহীমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।