ভোলায় প্রাথমিক শিক্ষক সমিতির অফিস কাদের দখলে ? লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষকদের
ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সোমবার (১৬ মার্চ) বিকেলে জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কাজী হারুন অর রশীদ, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ বারী, দৈনিক অমৃতালোকের সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু প্রমূখ।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আমাদের তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। এই শিক্ষা শুধু রমজানের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বছরের বাকি ১২ মাস আমাদের ব্যক্তিগত জীবন ও সামাজিক কার্যক্রমে তা অনুসরণ করা প্রয়োজন। তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজে সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভোলা জেলা সভাপতি মাওলানা মো. মাকসুদুর রহমান। এসময় ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন।
