ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় আলহেরা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মাহে আলম মাহী ॥
ভোলায় সাংস্কৃতিক সংগঠন আলহেরা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ভোলা জেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক বিলাল হোসাইন নূরী। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ স্বপন। তিনি তার বক্তব্যে বলেন, সমাজে সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ বাড়ায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তফা কামাল এবং ভোলা জেলা বিজিপির সভাপতি আমিরুল ইসলাম রতন। অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

ইফতার মাহফিলে আলহেরা শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
