সর্বশেষঃ

শিক্ষার গুণগত মান উন্নয়নে ভোলায় মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥
শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে ভোলায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা শহরের শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ–১) মো. আ. কুদ্দুস।
সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা বোর্ডের সদস্য অধ্যাপক মো. আব্দুর খালেক, বরিশাল অঞ্চলের উপপরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. আব্দুল কাদির, বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. রশিদ উদ্দিন এবং বিভাগীয় কর্মকর্তা অধ্যাপক মো. এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আজাহারুল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান।
বক্তারা শিক্ষার মানোন্নয়নে পাঠদানের গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাপনায় সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও নৈতিক শিক্ষার চর্চার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। সভায় ভোলা জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সকল উচ্চমাধ্যমিক পর্যায়ের অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।