ভোলায় এলপিজি গ্যাসবাহী ট্যাংকার খাদে, অল্পের জন্য এড়াল বড় দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় ১২ হাজার লিটার এলপিজি গ্যাস বহনকারী একটি ট্যাংকার দুর্ঘটনায় খাদে পড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের রেবা রহমান কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্যাংকারের চালক আরিফুল ইসলাম জানান, ভোরে চরফ্যাশন ও বাংলাবাজার এলাকায় গ্যাস সরবরাহ শেষে ভোলায় ফেরার পথে ট্যাংকারটির একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্যাংকারটিতে প্রায় ১২ হাজার লিটার এলপিজি গ্যাস ছিল। তবে কোনো ধরনের গ্যাস লিকেজ বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এতে বহনকৃত গ্যাস বা অন্যান্য মালামালেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চট্টগ্রামের বিএম এনার্জি লিমিটেডের মালিকানাধীন ট্যাংকারটি মংলা থেকে বিক্রির উদ্দেশ্যে মোট ২১ হাজার লিটার এলপিজি গ্যাস নিয়ে ভোলায় এসেছিল। এর মধ্যে আংশিক গ্যাস সরবরাহের পর ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। ট্যাংকারটির মালিকপক্ষ নিজস্ব অর্থায়নে ক্রেনের মাধ্যমে গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
