মনপুরার আলাউদ্দিন হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড, ৩ জন খালাস

স্টাফ রিপোর্টার ॥ ভোলার মনপুরায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ও সার ব্যবসাডী আলাউদ্দিন হত্যা মামলাড এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় চরফ্যাশন চৌকি অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী হলেন মো. আবু কালাম (৩৯)। একইসাথে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও ৬ মাস বিনাশ্রম কারাদ- ভোগ করতে হবে। এই মামলার অন্য ৩ আসামি, মো. জয়নাল, এসও কালাম এবং মো. রনি, তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হযরত আলী হিরণ জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ব্যবসায়িক শত্রুতার জেরে আলাউদ্দিনকে হত্যা করা হয়। রাত ১০টার দিকে আসামিরা আলাউদ্দিনের বাড়ির চারপাশে ওঁৎ পেতে থাকে। এ সময় আরেক আসামি রনি ফকিরহাট বাজারে আলাউদ্দিনের গতিবিধি লক্ষ্য করে। রাত ১১টা ৪০ মিনিটের দিকে আলাউদ্দিন বাড়ির সামনে এসে পৌঁছালে আবু কালাম তার গলায় এবং মাকসুদ তার বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন আলাউদ্দিনের ভাই জাফর বাদী হয়ে মনপুরা থানায় ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা মোট ৭ জন আসামির বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দাখিল করেন। এই মামলার রায় প্রাপ্তবয়স্ক ৪ জনের বিরুদ্ধে হয়েছে। অপ্রাপ্তবয়স্ক ৩ আসামি মাকসুদ (১৭), শাহীন (১৬) এবং শামীমের (১৬) বিচার ভোলা শিশু আদালতে চলছে।
