সর্বশেষঃ

ঢাকার হত্যা মামলার আসামী চরফ্যাশন থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরের চাঁদউদ্যান (লাউতলা) এলাকায় আল আমিন হত্যার ঘটনায় ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মোশারফ হোসেন (২৬) ও মো. রিপন ওরফে গিট্টু রিপন (২৪)। শুক্রবার (১৮ জুলাই) রাতে তাদেরকে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮, সিপিএসপি, ভোলা ক্যাম্প এবং র‌্যাব-২, সিপিএসসি, মোহাম্মদপুর, ঢাকার যৌথ অভিযানে এ দুই আসামিকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮ ভোলা ক্যাম্প কর্মকর্তা লে: মো: শাহরিয়ার রিফাত অভি (এক্স), বিএন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
তিনি বলেন, মোহাম্মদপুর থানার চাঁদউদ্যান এলাকার রোড-০৬ এর একটি সেলুনের সামনে গত ১৬ জুলাই সন্ধ্যার দিকে পূর্ব বিরোধের জেরে আল-আমিন (২৮) নামে এক যুবককে পূর্বপরিকল্পিতভাবে হামলা করে হত্যা করা হয়। অভিযুক্ত মোঃ মোশারফ হোসেন (২৬) ও মোঃ রিপন ওরফে গিট্টু রিপন (২৪) সহ অজ্ঞাত আরও ৪-৫ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। হামলার একপর্যায়ে ভিকটিমের হাঁটুর পেছনের রগ এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে দেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৫৯, তারিখ: ১৭-০৭-২০২৫, ধারা: ৩০২/৩৪)। ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই প্রধান দুই আসামি ভোলা জেলায় আত্মগোপন করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় সোর্সের মাধ্যমে অবস্থান নিশ্চিত করে ১৮ জুলাই ২০২৫ ইং তারিখ চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। বাকি অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
র‌্যাবের কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত মোশারফ পেশায় রিকশাচালক। তবে এর আড়ালে তিনি মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় কিশোর গ্যাং লিডার। পাশাপাশি তিনি মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী কর্মকা- করেন। এর আগেও একাধিকবার তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রং মিস্ত্রি। কিন্তু মোশারফের নেতৃত্বে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত।
তিনি আরো জানান, নিহত আল আমিন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোশারফ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী গত মঙ্গলবার চাঁদ উদ্যান এলাকায় আল আমিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে তাদেরকে ভোলার চরফ্যাশন থেকে গ্রেফতার করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।