ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
জুলাই-আগষ্ট বিপ্লবে নিহত শহীদ পরিবার ও আহতদের মাঝে ভোলায় জামায়াতের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার ॥ জুলাই-আগষ্ট বিপ্লবে ভোলা সদর উপজেলায় নিহত ৭টি শহীদ পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে জেলা জামায়াতের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়। এ সময় শহীদদের পরিবারের সদস্য এবং আহতদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার জাকির হোসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও ভোলা-১ আসন থেকে জামায়াতের মনোনিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ, জেলা বায়তুল মাল সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আব্দুল গাফ্ফার, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির রুহুল আমিন, সেক্রেটারী মাওলানা আতাউর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব ছিল এ দেশের গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদরা এই মাটির জন্য, ইসলামী মূল্যবোধের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।
মতবিনিময় সভা শেষে ভোলা সদর উপজেলার সন্তান এমন ৭ জন শহীদ পরিবারের মধ্যে নগদ ১০ হাজার টাকা করে এবং আহত ১৩ জনকে অর্থিক অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য, এর আগে জামায়াতের পক্ষ থেকে জুলাই বিপ্লবে নিহত প্রত্যেক পরিবারকে নগদ ২ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সভায় জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবারের সদস্য, আহতরা ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
