লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন
বোরহানউদ্দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক রোগী

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন ॥ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ফ্রি ওষুধ প্রদান করার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে আগত মেডিসিন, গাইনি, সার্জারী, ইএনটি ও দন্তের অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে রোগ নির্ণয় করে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল ১০ টায় ঢাকা শমরিতা মেডিকেল কলেজ, হাসপাতালের পরিচালক ও এলাকার কৃতি সন্তান অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম দেউলা তালুকদার বাড়ি হাইস্কুলে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। সকাল থেকে দুপুর ৩.৪৫মিনিট পর্যন্ত ৫ শতাধিক রোগিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে তাঁরা জানান।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের ৬ টি কক্ষে ডাক্তারগন রোগি দেখেন। অন্য একটি কক্ষে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। কথা হয় গাইনী সমস্যা নিয়ে সেবা নিতে আসা মিরু, আয়াতুন্নেছা, ফজিলত, সুরমা সোনিয়া, নিলুফা, মেডিসিনের মাছুম, ময়না, তানিয়া, তাজমির, দন্ত বিভাগের নাহিদা, রহিমা, টিটু, আবু তাহের এর সাথে। তাঁরা জানান, ঘরের সামনে ডাক্তার পাইছি। মাগনা (ফ্রি) ঔষধও পাচ্ছি। কোন ভিজিট লাগছে না। আমরা খুশি।
অধ্যাপক ডা. মো সিরাজুল ইসলাম জানান, এ এলাকা আমার জন্মস্থান। চিকিৎসক হিসেবে এটা আমার সামাজিক আন্দোলন। এর মাধমে জনগনের মাঝে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতন করার চেষ্টা করবো। এটা সম্পূর্ণ অরাজনৈতিক বিষয়। সেবা দেওয়া চিকিৎসকগণ হলেন-ডা: ফরিদ আহমেদ, ডা: বকতিয়ার আহমেদ, ডা: নুসরাত জাহান পিউ, ডা: ফাতেমা ইসলাম, ডা: রিয়াদ আহমেদ, ডা: আবদুল্লাহ আমিন, ডা: মো বাবুল, ডা: আনফা, ডা: ঐশী প্রমুখ।
