সর্বশেষঃ

বোরহানউদ্দিনে তরমুজ চাষিদের ওপর হামলা, আহত-৫

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজ চাষিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গংগাপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর চর শরীফিয়ারে এ ঘটনা ঘটে। আহত চাষিদের অভিযোগ, গংগাপুর ইউনিয়নের সাদ্দাম, রেজাউল, নুর ইসলাম, ইমন, হেলালসহ ১৫-২০ জন ব্যক্তি এই হামলা চালান। তাঁরা কয়েক দফায় তরমুজ চাষিদের কাছ থেকে চাঁদা আদায় করেন। আবার চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে হামলা চলান। এ সময় চাষিদের কাছ থেকে তরমুজ বিক্রির ১৫ লাখ টাকা ছিনিয়ে নেন তাঁরা।
হামলায় গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন আবুল কালাম। তিনি জানান, চাঁদা দিতে না পারায় বৃহস্পতিবার রাতে সাদ্দাম, রেজাউলসহ ১৫ থেকে ২০ জন হামলা চালিয়ে পাঁচ চাষিকে আহত করেন। এ সময় তাঁদের কাছ থেকে তরমুজ বিক্রির ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় আহত আরও দুই চাষি ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
তরমুজ চাষি আব্দুল মান্নান, কবির হোসেনসহ বেশ কয়েকজন অভিযোগ তুলে বলেন, ‘আমরা চরের ১০০ একর জমিতে তরমুজ চাষ করেছি। আমাদের খেতের তরমুজ প্রতি চাঁদা দিতে বলা হয়। স্থানীয় একটি চাঁদাবাজ চক্র এই চাঁদা দাবি করছে। আমরা এতে রাজি না হওয়ায় হামলা চালানো হয়। এ সময় কৃষকদের কাছ থেকে টাকা-পয়সার পাশাপাশি ১০-১২টি মোবাইল ফোনও ছিনিয়ে নেন হামলাকারীরা। আমাদের বাড়ি চরফ্যাশনসহ বিভিন্ন জেলায়। যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা স্থানীয় বাসিন্দা। এ জন্য তাঁদের কিছু বলতে পারছি না। বিভিন্ন সময় আমরা তাঁদের হামলার শিকার হচ্ছি।
এ বিষয়ে জানতে সরেজমিনে গেলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, চাঁদা না পেয়ে তরমুজ চাষিদের ওপর হামলার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।