গ্লোবাল ফায়ারপাওয়ারের প্রতিবেদন: প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ
চরফ্যাশনে যুবদল-শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে আহত-২০

চরফ্যাশন সংবাদদাতা ॥ চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদল ও শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে অন্তত ২০জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এ ঘটনা ঘটে। তবে এঘটনায় ৪ জনকে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানাগেছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন আব্দুর রহমান, বেলাল, রাকিব ও জসিম।
হাজারীগঞ্জ ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক বিডিআর মনির জানান, ৮ শতাংশ জমি নিয়ে সিরাজ নামের জনৈক ব্যাক্তির সঙ্গে তার বিরোধ চলমান। কিন্তু শ্রমিক দলের সাবেক সভাপতি শাহীন অবৈধ অর্থের বিনিময়ে তার সমর্থিতদের নিয়ে সিরাজের পক্ষে কাজ করছেন। বৃহস্পতিবার রাত ৮টায় শাহীনের নেতৃত্বে সুমন, সোহেল, জামাল দফাদারসহ ৩০/৩৫জন হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদলের ইউনিয়ন কার্যালয় ভাংচুর করে তার মনির বিডিআর এর পক্ষের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলায় চালায়। হামলায় তার ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবী করেছেন।
হামলার অভিযোগ অস্বীকার করে শাহীন বলেন, মনিরের সঙ্গে আমার কোন বিরোধ নাই। সে আলম গ্রুপে করে, আর আমি নয়ন গ্রুপে রাজনীতি করি। মনির অতিরঞ্জিত করে একারণে স্থানীয় নেতা-কর্মীদের তোপের মুখে পরেছে। মনির নিজেই তার অফিস ভাংচুর করে আমাদের বিরুদ্ধে অপ-প্রচার করছে।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এ বিষয়ে কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
