গ্লোবাল ফায়ারপাওয়ারের প্রতিবেদন: প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ
ঘূর্ণিঝড় সিত্রাং, অল্পের জন্য রক্ষা পেলেন দোকানীর পরিবার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দমকা হাওয়ায় উপকূলীয় জেলা ভোলায় উপড়ে গেছে বহু গাছ, বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। অনেক জায়গায় পোল ভেঙে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকা হাওয়ায় গাছ ও ঘর চাপা পড়ে এবং আশ্রয়কেন্দ্রে অসুস্থ্য হয়ে এ জেলায় আহত হয়েছে অন্ততঃ ১০ জন।
ভোলার উপর দিয়ে ঘণ্টায় ১৫ থেকে ২০ নটিক্যাল মাইল বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দমকা হাওয়ায় ভোলায় গাছ উপড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে মোঃ শহিদুল ইসলাম (৩২) নামের এক চায়ের দোকানীর বসতঘর। এতে অল্পের জন্য রক্ষা পেলেন শহিদুলের পরিবার। ওই ঘরে তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে অবস্থান করছিলেন। গতকাল সোমবার সকালে ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুগিরঘোল এলাকায় এ ঘটনা ঘটেছে।
শহিদুল ইসলাম জানান, তিনি যুগিরঘোল এলাকায় ছোট্ট একটি চায়ের দোকানের ব্যবসা করেন। রোববার রাতের খাবার খেয়ে স্ত্রী ও এক ছেলে ও দুই মেয়েসহ ৫ জন ঘুমিয়ে পড়েন। এর মধ্যে ঘরের ভেতরের একটি খাটে মেয়ে ফাতেমাতুজ্জোহরা (১১) ও ছেলে মোঃ শামীম ঘুমিয়ে পড়ে। আর তিনি তার স্ত্রী আচমা বেগম ও ৩ বছরের ছোট মেয়ে মুনতাহার ঘুমান ঘরের সামনের খাটে। শহিদুল ইসলাম বলেন, ভেতরের খাটে ঘুমানো ছেলেমেয়েরা গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ভেতরের খাট থেকে উঠে সামনের খাটে আমার সঙ্গে ঘুমায়। ঠিক এর এক ঘন্টা পর সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ ঘরের পাশে থাকা একটা সৃষ্টি গাছ ভেঙে আমার বসতঘরের ওপরে পড়ে বসতঘরটি বিধ্বস্ত হয়ে যায়। এতে আমার হাত-পা কেটে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম আমার পরিবারের ৫ সদস্য।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশাল আকৃতির সৃষ্টি গাছটি চায়ের দোকানী শহিদুল ইসলামের বসতঘরের ওপর পড়ে দুমড়ে মুচড়ে যায় তার টিনের ছোট বসতঘরটি। এতে ওই বসতঘরের খুটি ও আড়া ভেঙে চুরমার হয়ে যায়। তবে, শহিদুলের বসতঘরের খাট থেকে মাত্র প্রায় দেড় হাত উপরে গাছটি হেলে পড়ায় অল্পের জন্য রক্ষা পেলেন শহিদুলের পরিবার।
শহিদুল ইসলাম বলেন, আমি যুগিরঘোল এলাকায় ছোট একটি চায়ের দোকান করে সংসার চালাই। তরিকুল ইসলাম দোলন নামের একজনের জমিতে কোন রকমের টিনের ঘর তোলে তার ওই জায়গা পাহারা দেই। এখন আমার এই ঘর মেরামত করার মতো কোন টাকা নেই। আমি এখন অসহায় হয়ে পড়েছি।
ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী মোঃ আজগর বলেন, শহিদুল ইসলাম ভাগ্যক্রমে এবং আল্লাহর রহমতে প্রানে বেঁচে গেছেন। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সৃষ্টি গাছটি ভেঙে যেভাবে শহিদুলের বসতঘরের ওপর পড়েছে তাতে তার পরিবারের কেউ বেঁচে থাকার কথা নয়। আজগর বলেন, শহিদুল ইসলাম এখন অসহায় হয়ে পড়েছেন। সে ছোট একটি চায়ের দোকান করে সংসার চালায়।
এ বিষয়ে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম বলেন, আমি সকালেই ঘূর্ণিঝড়ে শহিদুল ইসলামের ঘর ভাঙার খবর পেয়েছি।
ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বিকেলে ভোলার বাণীকে বলেন, ভোলা সদর উপজেলায় শুধুমাত্র ওই ঘরটি ছাড়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বড় ধরনের তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ওই ঘরের গাছটি এই মুহূর্তে অপসারণ করা যাচ্ছে না। পরে এটা অপসারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
