সর্বশেষঃ

লালমোহনে ছেলের ঘর চুরি করালো সৎ মা!

ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব চরউমেদ গ্রামে আবদুল্লাহ শাহীন নামে এক ছেলের ঘর চুরি করানোর অভিযোগ উঠেছে তার সৎ মা দিলারা বেগমের বিরুদ্ধে। গত রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব চরউমেদ গ্রামের বাসিন্দা শাহাজান মাস্টারের দুই কন্যা ও এক ছেলে রেখে ১৯৯৭ সালে স্ত্রী হোসনে আরা বেগম মৃত্যুবরণ করেন। পরে সন্তানদের লালন পালনের জন্য ১৯৯৮ সালে দিলারা বেগম নামে এক নারীকে বিয়ে করেন তিনি। সে ঘরেও তার দুই কন্যা রয়েছে। অবশেষে প্রায় তিনমাস আগে শাহাজান মাস্টার মৃত্যুবরণ করেন।
আবদুল্লাহ শাহীন জানান, পিতার মৃত্যুর পর তাদেরকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত ও ঘর থেকে তাড়াতে বিভিন্ন সময় নানা কুটকৌশল শুরু করে তার সৎমা দিলারা বেগম। এনিয়ে স্থানীয় পর্যায়ে শালিস বৈঠক হলে ঘরের বাবদ সৎমাকে কিছু টাকা দিয়ে দেয়ার নির্দেশ দেন শালিসগণ এবং আপাতত থাকার জন্য ঘরের মাঝখানে দুভাগ করে উভয়পক্ষকে থাকতে দেয়া হয়। তবে ঘরে স্ত্রী ও সন্তান রেখে ঢাকায় ব্যবসা করতেন শাহীন।
শাহীন আরও বলেন, গত ৬ আগস্ট (শনিবার) সন্তানকে ডাক্তার দেখাতে ঘরে তালা মেরে ঢাকায় চলে যান তার স্ত্রী। এসুযোগে গত রবিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে নিজের মেয়ে ও স্থানীয় কয়েকজনের সহায়তায় শাহীনের ঘরের স্বর্ণালংকার, নগদ টাকাও মূল্যবান আসবাবপত্র সরিয়ে ফেলা হয়। একইসাথে নিজের ঘরের মালামালও সরিয়ে চুরির নাটক সাজায় সৎমা দিলারা বেগম। এতেই ক্ষ্যান্ত হননি তিনি, উল্টো সাজানো চুরির ঘটনায় শাহীনকে জড়িয়ে থানায় অভিযোগ দিতে যান তিনি।
তবে এ বিষয় অস্বীকার করে দিলারা বেগমের বড় মেয়ে লিজা জানায়, ঘটনার দিন রাতে মা দিলারা বেগমকে নিয়ে লালমোহন পৌর এলাকায় খালুর বাসায় ছিলেন এবং তার ছোটবোন বিথি পাশর্^বর্তী বাড়িতে ছিলেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্ত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ওই বাড়িতে থাকা আইপি ক্যামেরার ফুটেজ দেখে সৎবোনদেরকে শনাক্ত করেন আবদুল্লাহ শাহীন। একইসাথে সৎমায়ের এসব কুটকৌশল থেকে বাঁচতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।