২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মধ্যরাত থেকে মাছ ধরা শুরু
গলাচিপায় গলদা চিংড়ির পোনাসহ আটক-৫ : জেল-জরিমানা

পটুয়াখালীর গলাচিপায় শুক্রবার রাতে র্যাব-৮ অভিযান চালিয়ে দুই লক্ষ গলদা চিংড়ির রেণু জব্দ করেছে এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানার আদেশ দেন। এরমধ্যে আটক আবুল কাশেমকে ১৫ দিন, কবির মুন্সীকে ৭ দিন, দিলীপ দাসকে ৩০ দিনের কারাদন্ড, মাসুম বিল্লাহকে এক হাজার ও জসিম উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটককৃত সকলের বাড়ি গলাচিপা উপজেলার বিভিন্ন গ্রামে।
পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক, সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, গলাচিপা উপজেলা শহরের লঞ্চঘাট সংলগ্ন সিদ্দিক প্যাদা রোড এলাকায় গলদা চিংড়ির রেণু পোনা বেচাকেনা হচ্ছে, এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ রেণু পোনা রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে।
