ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
কক্সবাজারের টেকনাফে গোলাগুলিতে ৪ যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে মাদক কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে চার যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে টেকনাফের খারাংখালী সাতঘরিয়াপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া এলাকার ইসমাইল (২৫), হোয়াইক্যং আমতলী এলাকার আনোয়ার হোসেন (২২), খারাংখালী এলাকার নাছির (২৩) ও পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকার আনোয়ার (২৪)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবার লেনদেন নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে মাদক কারবারিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় অস্ত্র ও ৮ রাউন্ড গুলি জব্দ করে। নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
