সর্বশেষঃ

ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান

ভোলায় নতুন গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। জেলার ভোলা নর্থ-৩ কূপের তিনটি সম্ভাবনাময় স্তরেই গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। প্রাথমিক হিসাবে, এই স্তর থেকে প্রতিদিন ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত কূপটির তৃতীয় স্তরে পরীক্ষা শুরু করে বাপেক্স। পরীক্ষায় আগের দুটি স্তরের মতো এখানেও গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।

বাপেক্সের মহাব্যবস্থাপক ও উৎপাদন বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন জানান, চীনা প্রতিষ্ঠান সিনোপেকের মাধ্যমে খনন করা কূপটির গভীরতা ৩ হাজার ৫২৬ মিটার। খননকালে কূপটিতে তিনটি সম্ভাবনাময় স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। এরপর গত ১৪ নভেম্বর কূপটির পারফোরেশন সম্পন্ন করা হয়। সব প্রস্তুতি শেষে ১৫ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটে প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু হয়। পরীক্ষার আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফলও সন্তোষজনক পাওয়া গেছে।

তিনি জানান, প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে এখনও গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা বাকি রয়েছে। কূপটির তিনটি সম্ভাবনাময় স্তরে পর্যায়ক্রমে পরীক্ষা চালানো হবে। গ্যাসের প্রবাহ ও চাপ যাচাই শেষে প্রকৃত উৎপাদন সক্ষমতা এবং মজুতের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় এখন পর্যন্ত তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। নতুন কূপ যুক্ত হওয়ায় এসব গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ভোলার আগের ৯টি কূপে অবশিষ্ট গ্যাসের মজুত রয়েছে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট। এসব কূপের দৈনিক উৎপাদন সক্ষমতা ১৮২ মিলিয়ন ঘনফুট। তবে বর্তমানে উত্তোলন হচ্ছে দৈনিক ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকেই বর্তমানে দৈনিক প্রায় ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে ভোলায় চলমান পাঁচটি কূপ খনন প্রকল্পের আওতায় নতুন অনুসন্ধান কার্যক্রম চলছে। বাপেক্সের প্রত্যাশা, এসব কূপে পরিকল্পনা অনুযায়ী গ্যাস পাওয়া গেলে দৈনিক উৎপাদন সক্ষমতা আরও ১০০ মিলিয়ন ঘনফুট বাড়তে পারে। সে ক্ষেত্রে বিদ্যমান ১৮২ মিলিয়ন ঘনফুট উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়াতে পারে ২৮২ মিলিয়ন ঘনফুটে।

ভোলার বাসিন্দা ইমতিয়াজ আহমেদ বলেন, ভোলায় একের পর এক গ্যাসকূপের সন্ধান মিলছে। মাটির নিচে থাকা এই বিপুল প্রাকৃতিক সম্পদ ভোলাসহ পুরো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অথচ গ্যাসের এত বড় সম্ভাবনা থাকা সত্ত্বেও ভোলার মানুষ এখনও প্রকৃত সুফল পাচ্ছে না।

তিনি আরও বলেন, ভোলার গ্যাস দিয়ে প্রথমে স্থানীয় উন্নয়ন নিশ্চিত করতে হবে। এই গ্যাস কাজে লাগিয়ে জেলায় শিল্পকারখানা ও সার কারখানা গড়ে তোলা প্রয়োজন। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনীতির চাকা সচল হবে এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।

১৯৯৫ সালে বাপেক্স ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ২০০৯ সালে ওই ক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন শুরু হয়। এরপর ২০১৮ সালে ভোলা নর্থ গ্যাসক্ষেত্র এবং ২০২৩ সালে ভোলা সদর উপজেলার ইলিশায় আরেকটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।

বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলায় প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। এসব গ্যাসক্ষেত্রে দৈনিক উত্তোলন সক্ষমতা ১৮২ মিলিয়ন ঘনফুট হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।