নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই ভোলায় এসেছে নতুন বই

মোঃ সোহেল রানা ॥
বিগত বছরগুলোতে বড় আকারে নতুন বইয়ের সংকট দেখা গেলেও এবছর সম্পূর্ণ ভিন্ন চিত্র। বর্তমান সরকার শিক্ষার্থীদের হাতে যথা সময়ে বই পৌছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। ফলে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই বই পৌছে গেছে ভোলাসহ বিভিন্ন জেলায় জেলায়। যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের নতুন বই নিয়ে সংকট বা ঝামেলায় পড়তে হবে না এবার। ভোলায় এসে পৌছেছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের চালান। আগত বইগুলো বিভিন্ন গোডাউনে সংরক্ষণের কাজ চলছে। সরকারের নির্দেশনা পেলেই যথা সময়ে বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশাবাদ জেলা শিক্ষা অফিসের।
প্রতিবছর নভেম্বর মাসে নতুন পাঠ্যবই আসে খুবই কম পরিমাণে। কিন্তু ২০২৭ শিক্ষাবর্ষকে সামনে রেখে এবার ছবিটা বদলে গেছে। বরিশাল অঞ্চলের আওতাধীন দ্বীপজেলা ভোলার ৫১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে তিন লাখেরও বেশি শিক্ষার্থীর জন্য মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ ৭০ হাজার ৪০৫টি বই। এর মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি থেকে এ পর্যন্ত এসেছে ২৭ লাখ ৭৯ হাজার ৫৫০টি বই।
জেলা শিক্ষা বিভাগের হালনাগাদ তথ্য বলছে, ভোলায় মোট শিক্ষার্থী ৩ লাখ ৬৫ হাজার ৮৭৫ জন। সার্বিকভাবে বই প্রাপ্তির হার দাঁড়িয়েছে প্রায় ৭১ দশমিক ৮২ শতাংশে। স্তর ভিত্তিক হিসেবে নজর দিলে দেখা যায়, মাধ্যমিক স্তরে ১ লাখ ২৬ হাজার ২৯০ জন শিক্ষার্থীর বিপরীতে চাহিদা ১৫ লাখ ৪১ হাজার ১৭০টি বই। এর মধ্যে পাওয়া গেছে ১০ লাখ ২০ হাজার ৮৯০টি বই।
অন্যদিকে, দাখিল স্তরে ৮০ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য ১১ লাখ ২৯ হাজার ৫২০টি বইয়ের চাহিদার বিপরীতে এসেছে ৭ লাখ ২ হাজার ৪০০টি। এই স্তরে প্রাপ্তির হার ৬২ দশমিক ১৯ শতাংশ।
তবে সবচেয়ে এগিয়ে এবতেদায়ি স্তর। ১ লাখ ৫৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থীর বিপরীতে ১১ লাখ ২৯ হাজার ৯০০টি বইয়ের চাহিদার মধ্যে প্রাপ্তি দাঁড়িয়েছে ১০ লাখ ৫২ হাজার ৩৫০টিতে, যা ৯৩ দশমিক ১৪ শতাংশ।
কারিগরি বা ট্রেড স্তরে ৩ হাজার ৪৪ শিক্ষার্থীর জন্য ৩৬ হাজার ৩৪০টি বইয়ের চাহিদার বিপরীতে ৩ হাজার ৫৮০টি বই এলেও (প্রাপ্তি ৯ দশমিক ৮৫ শতাংশ) বিতরণ শুরু হয়নি। একইভাবে ইংরেজি ভার্সনে ১০৫ শিক্ষার্থীর ১ হাজার ২৩৫টি বইয়ের চাহিদার মধ্যে ৩৩০টি বই পাওয়া গেছে। প্রাপ্তি ২৬ দশমিক ৭২ শতাংশ। এ ছাড়া দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সারিতে কোনো তথ্য উল্লেখ নেই।
সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার বড় একটি অংশের বই এসে পৌছেছে। যা বিতরণের অপেক্ষায় রয়েছে। বিশেষ করে ভোকেশনাল, কারিগরি ও ইংরেজি ভার্সনের মতো স্তরগুলোতে দ্রুত বই সরবরাহ ও বিতরণ শুরু হলে শিক্ষাবর্ষের শুরুতেই পূর্ণ প্রস্তুতি নিয়ে ক্লাসে বসতে পারবেন শিক্ষার্থীরা। সময়মতো নতুন বই হাতে পাওয়া শিক্ষার্থীদের পড়াশোনার ছন্দ ধরে রাখতে বড় ভূমিকা রাখবে এমন প্রত্যাশাই সবার।
ভোলা জেলা শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ ছালাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ভোলার বাণীকে জানান, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এবার বই আমাদের কাছে এসে পৌছেছে। বিতরণের কোন নির্দেশনা আমারা এখনও পাইনি, পেলে বইগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হবে।
