সর্বশেষঃ

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধসহ চার দাবি অনলাইন এডিটরস ফোরামের

দেশে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন এডিটরস ফোরাম। এসব পোর্টাল বন্ধসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি। দাবিগুলোর মধ্যে রয়েছে নিবন্ধিত পোর্টালে সরকারি বিজ্ঞাপন দেওয়া, বার্ষিক নবায়ন ফি বাতিল এবং কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা।

সোমবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে এক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন ফোরামের নেতারা। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে একটি লিখিত প্রস্তাবও দেওয়া হয়।

প্রস্তাবে বলা হয়, দেশে বর্তমানে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে ২৮৩টি। তবে এর বাইরে হাজার হাজার ওয়েবসাইট নিজেদের সংবাদমাধ্যম হিসেবে পরিচালনা করছে। ফলে পাঠকদের পক্ষে বৈধ ও অবৈধ সংবাদমাধ্যমের পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় ছাড়পত্র ও নিবন্ধন ছাড়া কোনো অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের সুযোগ বন্ধ করার দাবি জানানো হয়।

ফোরাম মনে করে, নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে দ্রুত নীতিমালা বা প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন। পাশাপাশি একবার নিবন্ধনের পর প্রতিবছর পাঁচ হাজার টাকা নবায়ন ফি নেওয়া বন্ধ এবং পোর্টালের কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের প্রশাসনিক জটিলতা কমানোর আহ্বান জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।