ভোলার কেকপ্রেমীদের জন্য সুখবর: বর্ণিল আয়োজনে শুভ উদ্বোধন হলো ‘Cake and Bake’-এর
চর কুকরি-মুকরি, তারুয়াসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে অপার সম্ভাবনা ভোলায় পর্যটনের হাতছানি

নদী, সাগর, সবুজ বনভূমি, বিস্তীর্ণ চর ও নির্জন সমুদ্রসৈকত-প্রকৃতির এমন অপার সৌন্দর্যে ঘেরা দ্বীপজেলা ভোলা। বিশেষ করে জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি, তারুয়া দ্বীপ, খেজুরগাছিয়া সৈকতসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় রয়েছে পর্যটনশিল্প বিকাশের বিপুল সম্ভাবনা। পরিকল্পিত উদ্যোগ, সরকারি-বেসরকারি বিনিয়োগ এবং আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে ভোলার পর্যটনশিল্প দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। একই সঙ্গে সৃষ্টি হতে পারে বিপুল কর্মসংস্থান ও স্থানীয় মানুষের আয়ের নতুন সুযোগ।
বিশ্বব্যাপী অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে পর্যটনশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার অন্যতম মাধ্যমও এ শিল্প। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দ্বীপজেলা ভোলা সেই সম্ভাবনার এক অনন্য ভা-ার। মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিশাল জলরাশি, বঙ্গোপসাগরের মোহনা, বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, নির্জন সৈকত ও জীববৈচিত্র্য মিলিয়ে ভোলার চরফ্যাশন উপজেলা হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন অঞ্চল।
প্রকৃতির সবুজ রাজ্য চর কুকরি-মুকরি
ভোলা জেলা সদর থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দক্ষিণে এবং চরফ্যাশন উপজেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত চর কুকরি-মুকরি। স্থানীয়ভাবে ‘মিনি সুন্দরবন’ হিসেবে পরিচিত এ দ্বীপে রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, নদী-খাল, নারকেল বাগান, বালুচর ও সমৃদ্ধ জীববৈচিত্র্য। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এ জনপদ দিন দিন ভ্রমণপিয়াসু মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।
চর কুকরি-মুকরির বনাঞ্চলে সুন্দরী, গেওয়া, পশুর ও কেওড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। বন ও আশপাশের এলাকায় চিত্রা হরিণ, বানর, উদবিড়াল, শিয়াল, বনবিড়াল ও বনমোরগসহ বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মেলে। শীত মৌসুমে অতিথি পাখির আগমন এ অঞ্চলের সৌন্দর্যে যোগ করে নতুন মাত্রা।
এখানকার অন্যতম আকর্ষণ নারকেল বাগান। ম্যানগ্রোভ বন পেরিয়ে নারকেল বাগানে পৌঁছালে চোখে পড়ে বিস্তীর্ণ জলরাশি ও খোলা আকাশ। প্রকৃতির মাঝে সময় কাটানো, ছবি তোলা ও ক্যাম্পিংয়ের জন্য স্থানটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। পাশাপাশি বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া খাল, নদীর পাড়ের সারি সারি গাছ, মাছ ধরার নৌকা ও জেলেদের জীবনযাত্রা পর্যটকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেয়।
চর কুকরি-মুকরির আরেকটি বড় আকর্ষণ প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ তারুয়া সৈকত। দিগন্তবিস্তৃত সমুদ্র, নির্জন বালুকাবেলা ও সবুজ বন একসঙ্গে উপভোগের সুযোগ রয়েছে এখানে। সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। রয়েছে উঁচু ওয়াচ টাওয়ার, যেখান থেকে চারপাশের বন, নদী ও বিস্তীর্ণ চরাঞ্চলের সৌন্দর্য উপভোগ করা যায়। কালিরচর, তারুয়া ও ঢালচরের প্রাকৃতিক সৌন্দর্যও পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ।
পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকা- বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২৫ জানুয়ারি চর কুকরি-মুকরিতে ইকোপার্ক স্থাপন করা হয়। তবে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এখনও পর্যাপ্ত নয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ নৌযান, আবাসন, খাবারের ব্যবস্থা, পর্যটনবান্ধব অবকাঠামো ও বিনোদন সুবিধার ঘাটতি রয়েছে। এসব সুবিধা নিশ্চিত করা গেলে পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টরা।
ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক আল আমিন বলেন, চর কুকরি-মুকরির প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। চারদিকে সবুজ বন, নদী আর সাগর। সব মিলিয়ে জায়গাটি অসাধারণ। তবে পর্যটকদের জন্য যাতায়াত ও থাকার ব্যবস্থা আরো উন্নত করা প্রয়োজন।
বরিশাল থেকে আসা পর্যটক মোজাম্মেল হক বলেন, অনেক পর্যটনকেন্দ্রে ঘুরেছি। কিন্তু চর কুকরি-মুকরির সৌন্দর্য আলাদা। বিশেষ করে ম্যানগ্রোভ বন ও তারুয়া সৈকতের পরিবেশ খুবই ভালো লেগেছে। সুযোগ পেলে আবারো এখানে আসতে চাই।
চট্টগ্রাম থেকে আসা পর্যটক ফরিদ উদ্দিন বলেন, এখানে এসে মনে হয়েছে শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে প্রকৃতির কাছে চলে এসেছি। সূর্যাস্ত, সৈকত ও বনের পরিবেশ উপভোগ করার মতো। নিরাপদ নৌযান ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করা গেলে আরো বেশি পর্যটক আসবেন।
প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক স্থাপনা, দৃষ্টিনন্দন পার্ক ও বিনোদনকেন্দ্র গড়ে ওঠায় চরফ্যাশন এখন ভোলার অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে।
পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবার বেতুয়া প্রশান্তি পার্কে যুক্ত হয়েছে নতুন নান্দনিক স্থাপনা ‘ভালোবাসার চরফ্যাশন’। আলোকসজ্জিত ‘আই লাভ সাইন’ বা সেলফি পয়েন্টটি গত ৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। আধুনিক নকশা, ঝলমলে এলইডি লাইট এবং হৃদয়াকৃতির লাল প্রতীকে সাজানো স্থাপনাটি উদ্বোধনের পর থেকেই স্থানীয় বাসিন্দা, পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষ করে সন্ধ্যার পর আলোকসজ্জায় স্থাপনাটি নতুন রূপ ধারণ করে। এর সামনে ছবি ও ভিডিও ধারণ করতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে চরফ্যাশনের সৌন্দর্য তুলে ধরতে অনেক কনটেন্ট ক্রিয়েটরদেরও উপস্থিতি দেখা যাচ্ছে।
নান্দনিক এ সেলফি পয়েন্টের উদ্যোক্তা ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের এমপি ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। স্থাপনাটির সার্বিক পরিকল্পনায় রয়েছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমান আফরোজ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এ আয়োজন বেতুয়া প্রশান্তি পার্কের আকর্ষণ বাড়ানোর পাশাপাশি চরফ্যাশনের পর্যটন পরিচিতি ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।
নদীর তীরে প্রশান্তির ঠিকানা বেতুয়া
চরফ্যাশনের পর্যটন আকর্ষণের অন্যতম স্থান বেতুয়া প্রশান্তি পার্ক। মেঘনা নদীর তীরঘেঁষে বেতুয়া লঞ্চঘাটের পাশে গড়ে ওঠা এ পার্কে প্রতিদিনই ঘুরতে আসেন স্থানীয় মানুষ ও বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। নদীর বিশাল জলরাশি, নির্মল বাতাস, নৌযানের চলাচল এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য এখানে বাড়তি আকর্ষণ তৈরি করে।
বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক এলাকায় দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে। নদীর পাড়ে বসে সময় কাটানো, পরিবার-পরিজন নিয়ে ঘোরাঘুরি এবং ছবি তোলার জন্য জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে। এর সঙ্গে ‘ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্ট যুক্ত হওয়ায় পার্কটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।
বেতুয়া লঞ্চঘাট চরফ্যাশনের যোগাযোগব্যবস্থারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঢাকা-চরফ্যাশন নৌপথে লঞ্চ চলাচলের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের জন্য এ এলাকা পরিচিত প্রবেশদ্বার। ফলে পর্যটনকেন্দ্র হিসেবে বেতুয়ার গুরুত্ব আরো বাড়ানোর সুযোগ রয়েছে।
চরফ্যাশন টাওয়ারে দাঁড়িয়ে দেখা যায় নদী-চরের সৌন্দর্য
চরফ্যাশনের পর্যটন পরিচিতির অন্যতম প্রতীক জ্যাকব টাওয়ার (চরফ্যাশন টাওয়ার)। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এ দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার স্থানীয় পর্যটনের নতুন মাত্রা যোগ করেছে। উঁচু টাওয়ার থেকে আশপাশের বিস্তীর্ণ জনপদ, নদী ও সবুজ প্রকৃতির দৃশ্য উপভোগ করতে আসেন দর্শনার্থীরা। বিশেষ করে পর্যটকদের কাছে এটি ছবি তোলা ও চরফ্যাশনের সৌন্দর্য অবলোকনের অন্যতম আকর্ষণ।
চরফ্যাশন টাওয়ারের পাশাপাশি চরফ্যাশন শহরের ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং শহীদ মিনার চত্বরও দর্শনার্থীদের বিনোদনের সুযোগ তৈরি করেছে। শিশুদের জন্য পার্কের বিভিন্ন বিনোদনব্যবস্থা এবং শহরের নান্দনিক স্থাপনাগুলো স্থানীয় পর্যায়ে পর্যটন ও অবসর বিনোদনের পরিসর বাড়িয়েছে।
কুকরি-মুকরি যেন প্রকৃতির এক সবুজ রাজ্য
চরফ্যাশন তীর বুক চিরে বিলাসবহুল জাহাজে যাত্রা, চারপাশে জলরাশি, সবুজ বনাঞ্চল, বিস্তীর্ণ বালুচর ও সমুদ্রঘেঁষা প্রকৃতি-সব মিলিয়ে পর্যটকদের জন্য তৈরি হয়েছে ভিন্নধর্মী এক ভ্রমণ অভিজ্ঞতা। চর কুকরী-মুকরী ভোলার চরফ্যাশন উপজেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা। এখানকার সবুজ বনাঞ্চল, নদী-খাল, নারিকেল বাগান ও প্রাকৃতিক পরিবেশ প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে। পাশাপাশি তারুয়া সমুদ্রসৈকতের বিস্তীর্ণ বালুচর ও নির্জন পরিবেশও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। শনের পর্যটন সম্ভাবনার সবচেয়ে বড় সম্পদগুলোর একটি চর কুকরি-মুকরি। মেঘনা নদীর অববাহিকা ও বঙ্গোপসাগরের উপকূলঘেঁষা এ দ্বীপে রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, নদীর শাখা-প্রশাখা, সবুজ বৃক্ষরাজি, নির্জন চর এবং প্রাকৃতিক বন্যপ্রাণীর আবাসস্থল। স্থানীয়ভাবে এটি ‘মিনি সুন্দরবন’ নামেও পরিচিত।
কুকরি-মুকরির বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া খাল, নদীর পাড়ের সারি সারি গাছ, মাছ ধরার নৌকা, জেলেদের জীবনযাত্রা এবং শীত মৌসুমে অতিথি পাখির উপস্থিতি পর্যটকদের মুগ্ধ করে। প্রকৃতিপ্রেমীদের কাছে জায়গাটি বিশেষ আকর্ষণীয়। এখানে বন ও নদীকে ঘিরে নৌভ্রমণ, প্রকৃতি পর্যবেক্ষণ এবং স্থানীয় জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।
কুকরি-মুকরিতে পর্যটকদের জন্য সীমিত আবাসন ও হোমস সুবিধা চালুর উদ্যোগও নেয়া হয়েছে। তবে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ, নিরাপদ নৌযান, মানসম্মত আবাসন, খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসেবার চাহিদাও বাড়ছে।
তারুয়া সমুদ্রসৈকতে প্রকৃতি আর সাগরের মিতালি
চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের তারুয়া সমুদ্রসৈকত পর্যটনের আরেক অনন্য আকর্ষণ। বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত এ সৈকতে রয়েছে বিস্তীর্ণ বালুকাবেলা, ম্যানগ্রোভ বন, নদী-সমুদ্রের মিলনস্থলের সৌন্দর্য এবং নির্জন প্রাকৃতিক পরিবেশ। সৈকতের একদিকে সমুদ্রের বিশাল জলরাশি, অন্যদিকে সবুজ বনভূমি-প্রকৃতির এমন বৈচিত্র্য পর্যটকদের মুগ্ধ করে।
তারুয়ার আশপাশের চরাঞ্চলে শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির বিচরণ দেখা যায়। বন্যপ্রাণী ও পাখির উপস্থিতি এ এলাকাকে পরিবেশ ও প্রকৃতিনির্ভর পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে দুর্গম যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত আবাসন, নিরাপদ নৌযান এবং পর্যটকসেবার সীমাবদ্ধতা এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।
খেজুরগাছিয়া সৈকত ও দক্ষিণাঞ্চলের নতুন পর্যটন সম্ভাবনা
চরফ্যাশনের দক্ষিণাঞ্চলে খেজুরগাছিয়া সৈকতসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে এসব স্থানকে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত করার প্রচেষ্টা রয়েছে। বিস্তীর্ণ বালুচর, নদী ও সাগরের জলরাশি, খোলা আকাশ এবং প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণ করতে পারে।
এছাড়া ঢালচর, চর নিজাম, চর পাতিলা এবং আশপাশের বিচ্ছিন্ন চরাঞ্চলেও রয়েছে নদী, সমুদ্র, বনভূমি ও জীববৈচিত্র্যকেন্দ্রিক পর্যটনের সুযোগ। এসব এলাকায় পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে ভোলার চরফ্যাশনকে একাধিক গন্তব্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পর্যটন অঞ্চলে পরিণত করা সম্ভব।
পর্যটন ঘিরে বদলাতে পারে স্থানীয় ও দেশের অর্থনীতি
চরফ্যাশনের পর্যটনশিল্পের বিকাশ শুধু বিনোদনের সুযোগ সৃষ্টি করবে না, স্থানীয় ও দেশের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পর্যটকের আগমন বাড়লে হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, নৌযান, স্থানীয় খাবার, হস্তশিল্প, ক্ষুদ্র ব্যবসা ও আবাসন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
স্থানীয় জেলে, নৌযানচালক, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং তরুণদের জন্যও পর্যটন হতে পারে আয়ের নতুন উৎস। পর্যটকদের কাছে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য, খাবার এবং জীবনযাত্রা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে কুকরি-মুকরি ও তারুয়ার মতো প্রাকৃতিক পর্যটনকেন্দ্রে পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে উঠলে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে টেকসই অর্থনৈতিক কর্মকা- সম্প্রসারণ সম্ভব।
সম্ভাবনার পাশাপাশি রয়েছে নানা সীমাবদ্ধতা
প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন আকর্ষণ থাকলেও চরফ্যাশনের পর্যটনশিল্প এখনো পূর্ণাঙ্গভাবে বিকশিত হয়নি। অনেক দর্শনীয় স্থানে যাতায়াতের জন্য পর্যাপ্ত ও নির্ভরযোগ্য পরিবহন নেই। কোথাও সড়ক যোগাযোগের সীমাবদ্ধতা, কোথাও নৌপথে যাতায়াতের অনিশ্চয়তা পর্যটকদের ভোগান্তিতে ফেলে।
এছাড়া পর্যটনকেন্দ্রগুলোতে মানসম্মত আবাসন, পরিচ্ছন্ন শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, নিরাপদ খাবার, পর্যাপ্ত বসার স্থান, বর্জ্য ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা এবং পর্যটক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দুর্গম দ্বীপ ও সমুদ্রসৈকত এলাকায় আবহাওয়া, জোয়ার-ভাটা এবং নৌযান চলাচলের বিষয়ে পর্যটকদের প্রয়োজনীয় তথ্য ও সতর্কতা দেয়ার ব্যবস্থাও থাকা প্রয়োজন।
বিশেষ করে কুকরি-মুকরি ও তারুয়ার মতো জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকায় পর্যটন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। বনভূমি, বন্যপ্রাণী ও অতিথি পাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত করে পর্যটন সম্প্রসারণ করলে দীর্ঘমেয়াদে এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদই হুমকির মুখে পড়বে।
প্রয়োজন সমন্বিত পর্যটন পরিকল্পনা
পর্যটন সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চরফ্যাশনের দর্শনীয় স্থানগুলোকে একটি সমন্বিত পর্যটন পরিকল্পনার আওতায় আনা প্রয়োজন। বেতুয়া প্রশান্তি পার্ক, জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, শিশু পার্ক, কুকরি-মুকরি, তারুয়া ও খেজুরগাছিয়া সৈকতকে কেন্দ্র করে পৃথক পর্যটন রুট তৈরি করা যেতে পারে।
একই সঙ্গে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে পর্যটকদের সহজ যাতায়াত নিশ্চিত করতে নৌ ও সড়ক যোগাযোগের উন্নয়ন, নিরাপদ পরিবহন, পর্যাপ্ত আবাসন, পর্যটক তথ্যকেন্দ্র এবং প্রশিক্ষিত গাইডের ব্যবস্থা করা প্রয়োজন। স্থানীয় তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে পর্যটনসেবায় যুক্ত করা গেলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি পর্যটকদের সেবার মানও উন্নত হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি বিনিয়োগ, স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সব মিলিয়ে নদী, সমুদ্র, বন, দ্বীপ ও আধুনিক স্থাপনার অপূর্ব সমন্বয়ে ভোলার চরফ্যাশন হতে পারে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। ‘ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্টের মতো নতুন উদ্যোগ পর্যটনের প্রচার ও পরিচিতি বাড়ানোর পাশাপাশি এই সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে। এখন প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পর্যটকসেবার মান বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে চরফ্যাশনের পর্যটনশিল্প স্থানীয় ও দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে চরফ্যাশনের চর কুকরি মুকরি শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যম-িত সীমান্ত উপজেলা নয় সঠিক ব্যবস্থাপনায় এটি বাংলাদেশের পর্যটন অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে উন্নয়নের সঙ্গে প্রকৃতি সংরক্ষণ, নিরাপত্তা এবং স্থানীয় মানুষের স্বার্থের ভারসাম্য বজায় রাখতে হবে।
পরিকল্পিত, দায়িত্বশীল ও টেকসই উদ্যোগই পারে ভোলার চরফ্যাশন উপজেলা দেশীয় পর্যটনের গ-ি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে সুপরিচিত করে তুলতে।
পর্যটন কেবল বিনোদন বা ভ্রমণের মাধ্যম নয় এটি একটি দেশের অর্থনৈতিক রূপান্তর ও বিশ্বমঞ্চে ইতিবাচক পরিচয় গড়ে তোলার শক্তিশালী হাতিয়ার। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে ভোলায় টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ভোলার পর্যটন শিল্পই হতে পারে আগামী বাংলাদেশের অর্থনৈতিকের মূল চালিকাশক্তি।
পরিকল্পিত পর্যটন ব্যবস্থা গড়ে তোলা গেলে ভোলার চরফ্যাশন চর কুকরি-মুকরি, তারুয়া দ্বীপ হয়ে উঠতে পারে প্রকৃতিপ্রেমীদের জন্য একটি নিরাপদ, আকর্ষণীয় ও টেকসই পর্যটন কেন্দ্র ও অর্থনৈতিক অঞ্চল।
