ভোলায় ভূয়া প্রতিবন্ধী কার্ড ও বন্ধ নম্বরে আত্মসাৎ হচ্ছে সরকারি ভাতা
ভোলায় ভূয়া প্রতিবন্ধী কার্ড ও বন্ধ নম্বরে আত্মসাৎ হচ্ছে সরকারি ভাতা

ভোলার দৌলতখান উপজেলায় সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রতিবন্ধী ভাতা আত্মসাতের তথ্য পাওয়া গেছে । মো. জাফর ইসলাম নামের এক ব্যক্তি ভূয়া প্রতিবন্ধী কার্ড, বন্ধ মোবাইল নম্বর এবং অনলাইন ভেরিফিকেশনবিহীন জন্মসনদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিয়মিত সরকারি ভাতা তুলছেন বলে অভিযোগ উঠেছে । এর পেছনে জেলা সমাজসেবা কার্যালয়ের এক কর্মচারীর যোগসাজশ রয়েছে বলেও গুঞ্জন রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, দৌলতখান উপজেলার ভবানিপুর এলাকার কালিয়া এলাকার বাসিন্দা মো. জাফর ইসলাম (পিতা: মাকসুদুর রহমান, মাতা: সেতারা বেগম) এর নামে প্রতিবন্ধী ভাতার কার্ড ইস্যু করা হয়েছে। তবে এই ভাতা গ্রহণের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, ভাতার জন্য রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরটি বর্তমানে বন্ধ রয়েছে এবং ব্যবহৃত জন্মসনদটি অনলাইনে ভেরিফাই নয়। এমনকি দৌলতখান সমাজসেবা অফিসও নিশ্চিত করতে পারেনি যে বাস্তবে এই নামে কোনো ব্যক্তি প্রকৃত ভাতাভোগী আদৌ অস্তিত্বশীল কি না।
কাগজপত্র অনুযায়ী অস্তিত্বহীন নাম হলেও দৌলতখান সমাজসেবা অফিসের নথিপত্রে এই ভাতার টাকা নিয়মিত ছাড় করা হচ্ছে। সর্বশেষ ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তি (জুলাই-সেপ্টেম্বর) পর্যন্ত ‘নগদ’ অ্যাকাউন্ট নম্বরে (০১৭৫৬-৬২৭৮৫৪) এই ভাতা উত্তোলন করা হয়েছে। সফটওয়্যার পর্যালোচনা করে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রতিটি কিস্তিতে নিয়মিতভাবে ২৭০০ টাকা করে এবং ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর কিস্তিতে ৩০০০ টাকা করে অর্থ ওই নম্বরে প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, জেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. সুমনের ছোট ভাইয়ের সাথে এই ভুয়া ভাতাভোগীর সমস্ত তথ্যের হুবহু মিল রয়েছে। ওই কর্মচারীর ভাইয়ের নামও জাফর ইসলাম এবং দৌলতখান সমাজসেবা অফিসের অধীনে তাঁর একটি প্রতিবন্ধী সনদ রয়েছে। জাফর ইসলাম বর্তমানে কৃষি মন্ত্রণালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন। এই ভুতুড়ে ভাতাভোগীর পিতা-মাতার নাম থেকে শুরু করে আগের জন্মসনদের সাল ও ডিজিট পর্যন্ত নিখুঁতভাবে মিলে যাচ্ছে। ফলে ক্ষমতার অপব্যবহার করে নিজের আত্মীয়ের নামে ভুয়া তথ্য দিয়ে দীর্ঘদিন ধরে এই সরকারি ভাতা আত্মসাৎ করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগের বিষয়ে জেলা সমাজ সেবা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. সুমন জানান, এটা সত্যি যে আমার ভাইয়ে শ্রবণপ্রতিবন্ধী কার্ড রয়েছে। তবে এটি কাকতালীয় বিষয়। আমার বাবা-মা এবং ভাই এর নাম হুবহু মিল রয়েছে । এমন কি জন্মসালও একই। তবে জন্মসনদ এবং মোবাইল নম্বর এগুলো আমাদের নয়। আমি নিশ্চিত করছি ভাতাভোগী এ ব্যক্তি আমার ভাই নয় । পরে তিনি বিষয়টি আরও যাচাই-বাছাই করা জন্য সাংবাদিকদের পরামর্শ দেন।
এ ধরনের জালিয়াতির ঘটনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মোবাশ্বের উল্যাহ চৌধুরী বলেন, “প্রকৃত প্রতিবন্ধী ও অসহায় মানুষের অধিকার এভাবে কেউ লুণ্ঠন করতে পারে না। এটি অত্যন্ত দুঃখজনক ও অপরাধমূলক কাজ। এ বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।”
তবে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (রুটিন দায়িত্ব) কাজী গোলাম কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের অনিয়ম ও ভুতুড়ে ভাতাভোগীর বিষয়ে জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে । এ ধরনের কোনো ভূয়া কার্ডের মাধ্যমে সরকারি ভাতা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না । জড়িতদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
