৬ দফা দাবিতে ভোলায় এবার শুরু হয়েছে আমরা ভোলাবাসীর ‘গণস্বাক্ষর’ কর্মসূচি
ভোলায় প্যানেল আইনজীবীদের সঙ্গে মহিলা পরিষদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনগত সহায়তা জোরদার, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং কন্যাসন্তানদের পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ভোলায় প্যানেল আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ, ভোলা জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার লিগ্যাল এইড উপ-পরিষদ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, ভোলা জেলা শাখার সভাপতি হোসনে আরা বেগম চিনু। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জিনাত রেহানা, লিগ্যাল এইড সম্পাদক শাহজাদী ইয়াসমিন, অর্থ সম্পাদক নিগরুন নাহার রিংকু, আন্দোলন সম্পাদক ইশরাত জাহান বনি, পরিবেশ বিষয়ক সম্পাদক মুসরিন আক্তারসহ জেলা শাখার সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় প্যানেল আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস যুবলি, অ্যাডভোকেট মোহাম্মদ ফিরোজ চৌধুরী, অ্যাডভোকেট সুরাইয়া আক্তার এবং শিক্ষানবিশ আইনজীবী মাসুমা খানম ও বিবি খাদিজা আলোচনায় অংশ নেন। সভায় মোট ১৫ জন অংশগ্রহণ করেন। সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রচলিত আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নির্যাতনের শিকার নারীদের আইনগত সহায়তা প্রদান, সরকারি আইনগত সহায়তা পাওয়ার সুযোগ এবং বিচারপ্রক্রিয়ায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্যানেল আইনজীবীরা পারিবারিক সহিংসতা, যৌতুক, ভরণপোষণ, বিবাহবিচ্ছেদ এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলা ও ভুক্তভোগীদের আইনি অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। বিশেষ গুরুত্ব পায় কন্যাসন্তানদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার সামাজিক প্রবণতা এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্য সম্পত্তির অধিকার প্রতিষ্ঠায় নারীদের নানা জটিলতা।
বক্তারা বলেন, প্রচলিত উত্তরাধিকার আইন অনুযায়ী কন্যাসন্তানদের প্রাপ্য সম্পত্তির অধিকার নিশ্চিত করতে হবে। সামাজিক কুসংস্কার, পারিবারিক চাপ কিংবা বৈষম্যমূলক আচরণের কারণে কোনো নারী যেন তাঁর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সে জন্য পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করতে হবে। তাঁরা আরও বলেন, নির্যাতনের শিকার নারীদের আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে মানবিক আচরণ, যথাযথ আইনি পরামর্শ এবং ভুক্তভোগীর গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত জরুরি।
সভাপতির বক্তব্যে হোসনে আরা বেগম চিনু বলেন, অর্থনৈতিক অসচ্ছলতা, সামাজিক প্রতিবন্ধকতা ও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে কোনো নারী যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। বিশেষ করে কন্যাসন্তানদের পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজে সচেতনতা তৈরি করতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ ও প্যানেল আইনজীবীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা প্রয়োজন।
সাধারণ সম্পাদক অধ্যাপিকা জিনাত রেহানা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় আইনগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্যাতনের শিকার নারীদের পাশে দাঁড়ানো, তাঁদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা এবং উত্তরাধিকারসহ সব ক্ষেত্রে নারীর ন্যায্য অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
এ সময় লিগ্যাল এইড সম্পাদক শাহজাদী ইয়াসমিন, অর্থ সম্পাদক নিগরুন নাহার রিংকু, আন্দোলন সম্পাদক ইশরাত জাহান বনি এবং পরিবেশ বিষয়ক সম্পাদক মুসরিন আক্তার তাঁদের বক্তব্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারীর সম্পত্তির অধিকার, আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, আর্থিক সীমাবদ্ধতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় প্যানেল আইনজীবী ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে লিগ্যাল এইড কার্যক্রম আরও গতিশীল করা, অসচ্ছল নারীদের সরকারি আইনগত সহায়তা পেতে সহযোগিতা, উত্তরাধিকার ও সম্পত্তির অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে আইনি সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত সবাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারীর সম্পত্তি ও উত্তরাধিকার অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
