সর্বশেষঃ

চরফ্যাশনে নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

আমজাদ হোসেন ॥ নারীদের আর্থিক পরিষেবার আওতায় আনা, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এনএফআইএস অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের উদ্যোগে ‘আর্থিক পরিষেবায় নারীর অগ্রযাত্রা: নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) রূপ রতন পাই, নির্বাহী পরিচালক শায়েমা হাসান, যুগ্ম পরিচালক রাফাত ফাতেমা, অতিরিক্ত পরিচালক সাহানা ফেরদৌসী, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মোহাম্মদ কামাল হোসেন এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও পরিবার উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ড. হাবিবুর রহমান বলেন, আর্থিক পরিষেবায় নারীদের আরও এগিয়ে নিতে হবে। তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং সম্পূর্ণ ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিভিন্ন এনজিও, ব্যাংক, বিকাশসহ অন্যান্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে নারীদের আর্থিক সেবার সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় অংশগ্রহণকারী নারীরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজে বিভিন্ন আর্থিক সেবা ও সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন। এ সময় উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
কর্মশালা শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থাপিত অস্থায়ী বুথের মাধ্যমে অংশগ্রহণকারী নারীদের বিভিন্ন আর্থিক সেবা প্রদান করা হয়। কর্মশালায় নারীদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।