সর্বশেষঃ

ভোলায় গ্যাসকূপের সন্ধান, মিলতে পারে দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট

ভোলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ নামের কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রতিষ্ঠানটি।

ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ভোলা নর্থ-৩ কূপে গ্যাসের উপস্থিতি ও উৎপাদন সক্ষমতা যাচাইয়ে পরীক্ষা শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়। বাপেক্সের প্রতিনিধিদের তত্ত্বাবধানে এ পরীক্ষা পরিচালিত হচ্ছে।

 

বাপেক্স সূত্রে জানা গেছে, কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। গত শনিবার কূপটির পারফোরেশন বা ছিদ্র তৈরির কাজ শেষ হয়। ড্রিল স্টেম টেস্ট শুরুর আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষা করা হয়। এতে সন্তোষজনক ফল পাওয়া গেছে।

প্রাথমিক পর্যবেক্ষণে ভোলা নর্থ-৩ কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে কূপটির পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই গ্যাসের মজুত এবং উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।

ভোলা নর্থ-৩ জেলার দশম গ্যাসকূপ। কূপটি উৎপাদনে এলে ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট গ্যাসকূপের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০টিতে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।