ভোলার কেকপ্রেমীদের জন্য সুখবর: বর্ণিল আয়োজনে শুভ উদ্বোধন হলো ‘Cake and Bake’-এর
লালমোহনে চেয়ারম্যান প্রার্থী জনাব আবুল কাশেম মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ক্রমেই সরগরম হয়ে উঠছে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের নির্বাচনী মাঠ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগে বাড়ছে নির্বাচনী আমেজ। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম মিয়া।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাদরাসা বাজারে এ সভার আয়োজন করা হয়। আলহাজ জাকারিয়া হাজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন রাফসান জনির সঞ্চালনায় এতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম মিয়া বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চান তিনি। গড়ে তুলতে চান বৈষম্যহীন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত একটি ইউনিয়ন। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, শিশুদের খেলাধুলার পরিবেশ সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি বরাদ্দ ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করবেন। উন্নত সড়ক যোগাযোগ ও অবকাঠামো নির্মাণেও গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।
মতবিনিময় সভায় কয়েক হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থী ও সমর্থকদের তৎপরতায় মুখর হয়ে উঠছে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের নির্বাচনী পরিবেশ। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত।
