সর্বশেষঃ

ভোলায় ডিবির অভিযানে ২১ লাখ টাকার স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

ভোলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা ১ রতি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ আঃ আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। এ সময় তিনি অভিযানের বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামের একটি দোকানে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। ওই দোকানে এক ব্যক্তি বেশ কিছু স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি করে।

এ সময় ব্যাগ থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের বৈধ মালিকানা কিংবা ক্রয়সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নূর জুয়েলার্সের মালিকের মাধ্যমে স্বর্ণালংকার পরীক্ষা করে ৯ ভরি ১৫ আনা ১ রতি পাওয়া যায়। এ ছাড়া তার হেফাজত থেকে দুই জোড়া ব্রোঞ্জের রুলি, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি, একটি তামার ব্রেসলেট এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার জনৈক সাম্মা তাছলিমের বাসা থেকে এসব স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে ভোলায় নিয়ে আসেন তিনি। পরে সেগুলো বিক্রির চেষ্টা করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশকে জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তি মোঃ আঃ আলী (৩৯) মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

ভোলা জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।