ভোলার চরসামাইয়া ইউনিয়নে জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহ্বায়ক কমিটি গঠন
চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

চরফ্যাশন প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা। এ সময় বোটটি থেকে চারটি ট্রলিং জাল, দুটি উইংস, একটি ডেরিক, দুটি ট্রলডোরসহ বিভিন্ন ট্রলিং সরঞ্জাম জব্দ করা হয়। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তীতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চরফ্যাশন উপজেলার আহমদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় চরমানিকা আউটপোস্ট কোস্টগার্ডের সদস্যরা। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ট্রলিং সরঞ্জামসহ ১৪ জেলেকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ভোলার লালমোহন, চরফ্যাশন ও দুলারহাটের ১০ জন, বরিশালের বাকেরগঞ্জের দুজন এবং পটুয়াখালীর বাউফলের দুজন রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের কম।
জব্দ করা বোট, জাল ও অন্যান্য সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ড।
