দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি নির্বাচন-২০২৬: তফসিল ঘোষণা
দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি নির্বাচন-২০২৬: তফসিল ঘোষণা

আনিসুর রহমান, দক্ষিণ আইচা :
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি নির্বাচন-২০২৬-এর আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ও পদভিত্তিক নির্বাচনী প্রতীক ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ আইচা মধ্যবাজার সড়কে প্রধান নির্বাচন কমিশনার আবুল কাশেম শাহ আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন। এ সময় সম্ভাব্য প্রার্থী ও বাজারের সাধারণ ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ আহসান কবির, দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার এবং নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য কমিশনার।
নির্বাচনের সময়সূচি
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ৫ নভেম্বর সকাল ১০টা থেকে ৬ নভেম্বর রাত ৮টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ৭ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর রাত ৮টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে।
৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১০ নভেম্বর রাত ৮টা পর্যন্ত প্রার্থী বাছাই, ১১ নভেম্বর সকাল ১০টা থেকে ১৩ নভেম্বর রাত ৮টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার এবং ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে ১৫ নভেম্বর রাত ৮টা পর্যন্ত প্রতীক বরাদ্দের কার্যক্রম চলবে।
১৬ নভেম্বর সকাল ৮টা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে ২৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
পদভিত্তিক নির্বাচনী প্রতীক
নির্বাচন কমিশন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্দিষ্ট নির্বাচনী প্রতীক ঘোষণা করেছে।
সভাপতি পদে চেয়ার, ছাতা, আনারস, হারিকেন, দোয়াত-কলম, টেবিল ফ্যান ও উড়োজাহাজ প্রতীক নির্ধারণ করা হয়েছে।
সহ-সভাপতি পদে তালা-চাবি, কাপ-পিরিচ, গোলাপ ফুল, দেয়াল ঘড়ি ও মোটরসাইকেল প্রতীক থাকবে।
সাধারণ সম্পাদক পদে টেলিফোন, মোবাইল ফোন, বাইসাইকেল, ঘড়ি, হরিণ, অটোবোরাক, কম্পিউটার ও দোয়েল পাখি প্রতীক নির্ধারণ করা হয়েছে।
সহ-সাধারণ সম্পাদক পদে টেবিল, টেলিভিশন, তালগাছ, তরমুজ, ফুটবল, ঘোড়া ও জাহাজ প্রতীক বরাদ্দের তালিকায় রয়েছে।
সাংগঠনিক সম্পাদক পদে কাঁঠাল, শাপলা, জগ, রজনীগন্ধা, কলম ও টিউবওয়েল প্রতীক নির্ধারণ করা হয়েছে।
কোষাধ্যক্ষ পদে গরুর গাড়ি, রিকশা, বাস, পানপাতা, বই ও মোমবাতি এবং কাউন্সিলর/সদস্য পদে আম, মই, কলস, মাছ, ডাব, মোরগ ও আপেল প্রতীক ঘোষণা করা হয়েছে।
নির্বাচনী তফসিল ও প্রতীক ঘোষণার মধ্য দিয়ে দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ, জমা, প্রচার-প্রচারণা ও ভোট গ্রহণের কার্যক্রম সম্পন্ন হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে সাধারণ ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।
