দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি নির্বাচন-২০২৬: তফসিল ঘোষণা
ভোলায় ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে ভোলায় সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা। গতকাল বুধবার (৪ নভেম্বর) বিকেলে ভোলা শহরের কে-জাহান মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে দলের নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক মূলনীতি ও ইসলামী আদর্শ তুলে ধরেন। পাশাপাশি নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতির গুরুত্ব, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দলের রাজনৈতিক দর্শন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।
এ সময় সাধারণ মানুষের মাঝে দলের পরিচিতিমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা। কর্মসূচিতে কয়েকজন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আগ্রহ প্রকাশ করে সদস্য ফরম পূরণের মাধ্যমে সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি, আদর্শ, সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়ন এবং সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্য দূর করতে সংগঠনটি ধারাবাহিকভাবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। ইসলামের সৌন্দর্য ও আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের দাওয়াতি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওবায়দুর রহমান, সহ-সভাপতি মাওলানা আক্তার হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল মোমেন, সহকারী সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, সাংগঠনিক সম্পাদক এইচ এম ইব্রাহিম, অর্থ সম্পাদক মাওলানা আবু জাফর এবং ভোলা সদর থানা শাখার সভাপতি মাওলানা আরিফ বিল্লাহসহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। দাওয়াতি মাস উপলক্ষে এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইসলামী আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়া এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
