সর্বশেষঃ

পুলিশের সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

ভোলার বাণী ডেস্ক ॥ সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত আলোচিত ব্যবসায়ী রায়হান আহমদ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে প্রধান আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অন্য দুই আসামিকে যাবজ্জীবন এবং তিনজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করেন। মামলায় ৬১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনার দীর্ঘ ছয় বছর পর এ রায় প্রকাশ পেল। রায়ে আদালত কনস্টেবল হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী এবং স্থানীয় সাংবাদিক আব্দুল মামুনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার আওতাধীন বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে ব্যবসায়ী রায়হান আহমদকে নির্মমভাবে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে একটি মামলা দায়ের করেন রায়হানের স্ত্রী। ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকারপক্ষের আইনজীবী মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন শামিম জানান, রায়ের বিরুদ্ধে অন্তত দুজন আসামির খালাস চেয়ে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন। এদিকে, রায়ের প্রতিক্রিয়ায় নিহত রায়হানের মা ক্ষোভ প্রকাশ করে জানান, অভিযুক্তদের অধিকাংশ আসামি জামিনে মুক্ত হয়ে বর্তমানে পলাতক রয়েছে। ফলে এই ঘোষিত রায় কার্যকর করা নিয়ে পরিবারটি গভীর শঙ্কা ও ক্ষোভ প্রকাশ করেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।