তজুমদ্দিনে অব্যাহত গরু ও ঘরবাড়ি চুরি: গ্রাম পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর), পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) এবং পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়াতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
‘শিক্ষা সুরক্ষা: গ্রামীণ বাংলাদেশে কমিউনিটিনির্ভর শিক্ষা প্রসার কর্মসূচি’র আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কর্মসূচির আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান মিজানুর রহমান ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। এতে কিশোরী ক্লাবের সদস্যদের বয়সোপযোগী যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, স্যানিটেশন ও পুষ্টি বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়।
ওরিয়েন্টেশন পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক আক্তার জাহান ও জিজেইউএসের প্যারামেডিক টিংকু সরকার। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা মো. কামরুজ্জামান ও ইসমাইল জবিউল্লাহ।
আয়োজকেরা জানান, কিশোরীদের স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার পাশাপাশি নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবহারের গুরুত্ব এবং সুষম পুষ্টি সম্পর্কে ধারণা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তাঁরা আরও জানান, ‘শিক্ষা সুরক্ষা’ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ এলাকার কিশোর-কিশোরীদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি ও সুরক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কিশোরী ক্লাবভিত্তিক এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি ও নিরাপত্তা সম্পর্কে কিশোরীদের সচেতনতা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।
