সর্বশেষঃ

নজরুল বর্ষে উপস্থিত বক্তৃতায় প্রথম আয়শা আনজুম, মাদ্রাসায় সংবর্ধনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, জীবন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ভোলা জেলায় প্রথম স্থান অর্জন করেছে তজুমদ্দিনের মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী আয়শা আনজুম।

তার এ কৃতিত্বে বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদ্রাসার পক্ষ থেকে তাকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শাহ্ মাও. মো. নুরুজ্জামান বিজয়ী শিক্ষার্থী আয়শা আনজুমের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। জেলা পর্যায়ে প্রথম হয়ে আয়শা আনজুম শুধু নিজের নয়, প্রতিষ্ঠানেরও সুনাম বয়ে এনেছে। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করবে।
পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে আয়শা আনজুম বলেন, “এ অর্জনে আমি আনন্দিত ও গর্বিত। আমার শিক্ষক ও যারা আমাকে উৎসাহ-সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ভোলা শিল্পকলা একাডেমিতে জেলার সাত উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত বক্তৃতা বিভাগে সাত উপজেলার প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে আয়শা আনজুম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।