চরফ্যাশনে ১৩শ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জিন্নাগড় ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু ও উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা।
উদ্বোধনকালে কয়েকজন জেলের হাতে ২৫ কেজি করে ভিজিএফের চাল তুলে দেওয়া হয়। এদিন ইউনিয়নের ১০ জন নিবন্ধিত জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে জিন্নাগড় ইউনিয়নের ১ হাজার ৩০০ নিবন্ধিত জেলের মাঝে জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে।
