নজরুলের গানে নৃত্যে জেলা পর্যায়ে প্রথম ভোলার আয়শা মুমতাহিনা, এবার বিভাগীয় প্রতিযোগিতায়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানকে কেন্দ্র করে দেশব্যাপী আয়োজিত নজরুল বর্ষের নৃত্য প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে ভোলার নৃত্যকুঞ্জ একাডেমির শিক্ষার্থী আয়শা মুমতাহিনা। উপজেলা পর্যায়ের পর এবার জেলা পর্যায়েও ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে সে।
এর আগে ভোলা সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে প্রথম হয় আয়শা। গতকাল অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও একই গ্রুপে প্রথম স্থান অর্জন করে সে। এ সাফল্যের মধ্য দিয়ে আয়শা মুমতাহিনা এখন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে আয়শা মুমতাহিনার হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হাসানুর রশিদ, সংগীতশিল্পী ও উপস্থাপক তালহা তালুকদার বাঁধন এবং বোরহানউদ্দিন মহিলা কলেজের প্রভাষক ইসরাত জাহান বনি।
আয়শার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছে নৃত্যকুঞ্জ একাডেমি। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও সে ভালো ফলাফল করবে বলে আশা করছেন একাডেমির সংশ্লিষ্টরা। তার আগামী দিনের পথচলার জন্য সবার দোয়া, সহযোগিতা ও শুভকামনা কামনা করা হয়েছে।
