ভোলা সদর বাজারে কৃষিপণ্য মনিটরিং, ব্যবসায়ীদের ৫ নির্দেশনা

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ও বরিশাল বিভাগের উপপরিচালকের নির্দেশনায় ভোলা সদর বাজারে কৃষিপণ্যের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) পরিচালিত এ কার্যক্রমে বাজারের আড়তদার ও ব্যবসায়ীদের কৃষিপণ্যের সুষ্ঠু বিপণন এবং ভোক্তাস্বার্থ নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
মনিটরিংকালে ব্যবসায়ীদের পাইকারি ও খুচরা ক্রেতাদের ভাউচার প্রদান, ব্যবসাপ্রতিষ্ঠানে পাকা ভাউচার সংরক্ষণ, কৃষি বিপণন লাইসেন্স গ্রহণ ও নবায়ন, আড়তদারি ও কমিশন সহনীয় পর্যায়ে নির্ধারণ এবং কোনো নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিপণন আইন, ২০১৮-এর বিভিন্ন বিষয়সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারে কৃষিপণ্যের সরবরাহ, মূল্য ও ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
