ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে নির্ভর ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসের সবুজায়নে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক উন্নয়ন সংস্থা নির্ভর ফাউন্ডেশন।
বুধবার (৭ অক্টোবর) নির্ভর ফাউন্ডেশনের ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট টিমের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেশীয় প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির মূল লক্ষ্য ছিল ক্যাম্পাসের সৌন্দর্য ও সবুজ পরিবেশ বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতা তৈরি করা।
নির্ভর ফাউন্ডেশনের ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট টিমের কো-অর্ডিনেটর নিয়ামুল ইসলাম রিফাত বলেন, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও পরিবেশের ভারসাম্যহীনতা মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করা জরুরি। এ লক্ষ্যেই বিভিন্ন পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করছে নির্ভর ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এসব গাছ ক্যাম্পাসকে আরও সবুজ ও ছায়াঘেরা করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
নির্ভর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মহিদুর রহমান বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। একটি গাছ রোপণ মানে শুধু একটি চারা মাটিতে লাগানো নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ তৈরির উদ্যোগ। তরুণদের সঙ্গে নিয়ে সবুজায়নের এ কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।”
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিবেশ সচেতনতা তৈরির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুক্ত করা গেলে তারা ভবিষ্যতে পরিবার ও সমাজে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
নির্ভর ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় বৃক্ষরোপণ, সবুজায়ন এবং সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
