জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন সাহিদা সুমনা
ভোলায় বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন

ভোলায় দীর্ঘ ২০ বছর ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ও বরণ-পোষণ না দিয়ে উল্টো ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে জাল দলিল তৈরির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পৈত্রিক সম্পত্তি রক্ষায় এবং অভিযুক্ত ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৬ অক্টোবর) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাপের হাট কাটা রোড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ভুক্তভোগী ৯৫ বছর বয়সী বৃদ্ধ পিতা আব্দুল মোতালেব অভিযোগ করে জানান, তাঁর বড় ছেলে তাজুল ইসলাম দুলাল দীর্ঘ ২০ বছরের অধিক সময় ধরে পরিবারের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে ঢাকায় বসবাস করছেন। বৃদ্ধ বয়সে তিনি কোনো প্রকার বরণ-পোষণ বা খোঁজ-খবর রাখেন না। বর্তমানে তিনি তাঁর বাকি দুই ছেলে মো. জসিম উদ্দিন ও মো. হারুনের সাথে বসবাস করছেন। কিন্তু সম্প্রতি নিজের জমি বিক্রি করতে গিয়ে তিনি জানতে পারেন, অভিযুক্ত ছেলে দুলাল ২০১৮ সালে একটি অভিনব প্রতারণার মাধ্যমে তাঁর জমি দখলের উদ্দেশ্যে ভুয়া ও জাল দলিল তৈরি করেছেন এবং ওই জাল দলিলের ভিত্তিতে গোপনে নামজারি খতিয়ানও খুলে নিয়েছেন।
অভিযুক্ত তাজুল ইসলাম দুলালের সাথে এ ঘটনায় জড়িত রয়েছে তাঁর ছেলে মোহাম্মদ জাকির হোসেন, আংকুর বেগম ও আমেনা বেগম। বৃদ্ধ বাবার জমি গ্রাস করার এই জালিয়াতির ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্ভে ভূমিদস্যু দুলাল ও জাকিরকে আইনের আওতায় এনে গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া জালিয়াতির মাধ্যমে তৈরি করা নামজারি খতিয়ান বাতিল করে বৃদ্ধ পিতার সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান এলাকাবাসী।
