সর্বশেষঃ

ভোলার ভেদুরিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ

ভোলার ভেদুরিয়া ইউনিয়নের চরচটকিমারা এলাকায় মো. জামাল উদ্দিন নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরচটকিমারা এলাকায় তার দোকানে এ ঘটনা ঘটে। আহত জামাল উদ্দিন বর্তমানে ভোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী জামাল উদ্দিনের অভিযোগ, ঘটনার রাতে তিনি নিজের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মনির হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি তার দোকানে প্রবেশ করে তাকে ঘিরে ফেলেন। পরে তারা এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা হাসপাতালে ভর্তি করেন।
জামাল উদ্দিনের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর মনির হোসেন কিছু সময়ের জন্য এলাকা ছেড়ে চলে যান। ওই সময়ে মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। পরে মনির এলাকায় ফিরে আসার পর ওই অভিযোগকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ভুক্তভোগীর অভিযোগ, পুরোনো ওই ঘটনার জেরে মনির হোসেন তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এ নিয়ে তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে তার দোকানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় জামাল উদ্দিনের দোকানের দিক থেকে চিৎকার ও মারধরের শব্দ শুনে কয়েকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। তবে তারা সেখানে পৌঁছানোর আগেই হামলায় জড়িত কয়েকজনকে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়। পরে জামাল উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, রাতে একজন ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
অভিযোগের বিষয়ে মনির হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি, বিধায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোরও দাবি জানান তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।