বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
ভোলার ধর্ষণ মামলার আসামি নীলফামারীতে গ্রেপ্তার

ভোলার চাঞ্চল্যকর ও আলোচিত সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি মোঃ ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ৫ অক্টোবর রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে এসআরবি-৪ ও এসআরবি-১৩-এর একটি যৌথ দল তাঁকে গ্রেফতার করে।
মামলার এজাহার ও আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানা যায়, গত ১৮ আগস্ট (২০২৬) বিকেলে শিশুটি তার আত্মীয়র বাসা থেকে ফেরার পথে আসামি ইউসুফ আলী তাকে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখায়। এরপর শিশুটিকে একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে এলে অভিযুক্ত আসামি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্বজনেরা উদ্ধার করে শিশুটিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেন। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে নীলফামারী থেকে ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
