সর্বশেষঃ

দুর্গাপূজা ঘিরে ভোলায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন উপলক্ষে ভোলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোলা জেলা পুলিশের আয়োজনে পূজা উদযাপন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ড, গুজব ও অপপ্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার। কোনো ধরনের অপতৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।