সর্বশেষঃ

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও গুরু-শিষ্য নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘রেইজ’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ সভার আয়োজন করে। সোমবার বাপ্তা ভোটর ঘর স্কুলের হলরুমে অনুষ্ঠিত সভায় জিজেইউএসের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মোস্তফার কামাল সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন জিজেইউএসের অতিরিক্ত পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন মো. জাহিদুর রহমান এবং ফিল্ড কোয়াডিনেটর শারমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএসের এরিয়া ইনচার্জ শিল্পী পাল, শাখা ইনচার্জ অনুপ পোদ্দার, প্রকল্প কর্মকর্তা পঙ্কজ কুমার সরকার ও খোকন মিয়া।
সভায় বক্তারা রেইজ প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা এবং প্রকল্পের আওতায় সংশ্লিষ্টদের সুযোগ-সুবিধা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
আলোচনায় বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে অভিজ্ঞ ওস্তাদের সঙ্গে শিক্ষানবিশদের সম্পৃক্ত করে হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা প্রকল্পটির অন্যতম লক্ষ্য। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সংশ্লিষ্টরা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।