বিশ্ব শিক্ষক দিবস: মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময়

মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ভোলার মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও অনলাইন কার্যক্রমের বিষয়ে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য দেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি কোনো ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
সভায় সাংবাদিক আব্দুর রহমান সোয়েব বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের অধিকার ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এসব সামাজিক সমস্যা নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকেও সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার কথা তুলে ধরেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ফিরোজ বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা বিদ্যালয় ও অভিভাবক উভয়ের দায়িত্ব। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও আত্মসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবকদের বিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান প্রধান শিক্ষক।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনা হয় এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
