সর্বশেষঃ

ভোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষাশিবির অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমের মর্যাদা রক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে ভোলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দায়িত্বশীল শিক্ষাশিবির ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক অধ্যাপক হারুনুর রশিদ খান এবং ভোলা জেলা প্রধান উপদেষ্টা মাস্টার মো. জাকির হোসাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলা শাখার সভাপতি মো. ইসমাইল হোসেন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি মো. বেলায়েত হোসেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি টেকসই হতে পারে না। শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি তাদের নৈতিক ও সামাজিক উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সংগঠনের দায়িত্বশীলদের শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়ন ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম শর্ত। ইসলামী শ্রমনীতিতে শ্রমিকের অধিকার সংরক্ষণ এবং তার শ্রমের মূল্য যথাসময়ে পরিশোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বক্তারা আরও বলেন, শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের শ্রমের বিনিময়ে দেশের বিভিন্ন খাত সচল থাকলেও অনেক শ্রমিক এখনো ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সমাধানে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

দিনব্যাপী শিক্ষাশিবিরে শ্রমিকদের অধিকার ও দায়িত্ব, ইসলামী শ্রমনীতি, শ্রমিক কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।