সর্বশেষঃ

চরাঞ্চলে ভূমি দস্যুতা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ভূমিমালিক-কৃষকদের বিক্ষোভ সমাবেশ

ভোলার চরাঞ্চলে ভূমিমালিক ও কৃষকদের বঞ্চনা, হয়রানি, ভূমি দস্যুতা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় খায়েরহাট হাইস্কুল মাঠে ভূমিমালিক ও কৃষক ঐক্য পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন চরাঞ্চলের ভূমিমালিক ও কৃষকরা অংশ নেন। এ সময় চরাঞ্চলের ভূমি নিয়ে হয়রানি ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বন্ধ, কৃষকের উৎপাদিত ফসলের ওপর অন্যের নিয়ন্ত্রণ বন্ধ এবং ভূমিমালিক ও কৃষকদের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমাবেশে ভূমিমালিক ও কৃষক ঐক্য পরিষদের নেতারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের মধ্য দিয়ে জুলুম-নির্যাতন বন্ধ হবে এবং বিশেষ করে চরাঞ্চলের ভূমিমালিক ও কৃষকরা স্বস্তি পাবেন—এমন প্রত্যাশা ছিল। কিন্তু তাঁদের অভিযোগ, চরাঞ্চলে ভূমি দস্যু ও চাঁদাবাজদের তৎপরতা এখনো বন্ধ হয়নি। ফলে ভূমিমালিক ও কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চরাঞ্চলের এসব সমস্যা প্রতিরোধে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার ভূমিমালিক ও কৃষকদের নিয়ে যৌথভাবে এ সভার আয়োজন করা হয়েছে। গঙ্গাপুর, কেঁড়ালিয়া, সাকুচিয়া, বালিয়া, বাগমারা, চর লতিফ, টেঁটুলার চর ও শরীফাবাদসহ বিভিন্ন মৌজার ভূমিমালিক ও কৃষকদের সভায় অংশগ্রহণ করেন।
সমাবেশে বঞ্চিত ও হয়রানির শিকার ভূমিমালিক ও কৃষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কৃষকের ফসল নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বন্ধের দাবি তোলা হয়।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—‘চরাঞ্চলের ভূমিমালিকদের বঞ্চিত করা যাবে না’, ‘কৃষকের ফসলের অধিকার কৃষকের’, ‘তৃতীয় পক্ষের মাতবরি মানবে না’, ‘ভূমি দস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে একসঙ্গে’ এবং ‘মালিক কৃষক ভাই ভাই, চাঁদাবাজদের রক্ষা নাই’।

এছাড়াও বক্তারা চরাঞ্চলের ভূমিমালিক ও কৃষকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

এবিষয় অতিরিক্ত জেলা প্রশাসক, (রেভিনিও) অনিন্দ্য কুমার মন্ডল জানান ভূমি ব্যবস্থাপনা একটি কমিটি আছে সেখানে ভুক্তভোগী কৃষক ও ভূমি মালিকরা অভিযোগ দিতে পারে পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড আছেন তারপর ওনারাই যৌক্তিক ব্যবস্থা নিবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।