সর্বশেষঃ

ভোলায় ৯ মাসে ৫৫৫ মামলা নিষ্পত্তি

মামলা আদালতে গড়ানোর আগেই বিরোধ নিষ্পত্তির উদ্যোগে ভোলায় লিগ্যাল এইডের বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন বিরোধের ৫৫৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রায় ৪৫ লাখ টাকা আদায় করা হয়েছে।

বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয় এবং আদালতে মামলার চাপ কমানোর লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ২৩ জুলাই থেকে পারিবারিক আদালত আইন, ২০২৩ এবং Negotiable Instruments Act, 1881-সহ ৯টি আইনের আওতায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করা হয়।

জেলা লিগ্যাল এইড কার্যালয় সূত্রে জানা গেছে, আগস্ট মাসে ১০০টি এবং সেপ্টেম্বর মাসে ২২৫টি অভিযোগ মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। শুধু সেপ্টেম্বর মাসেই বিভিন্ন পক্ষের মধ্যে প্রায় ৩১ লাখ টাকার আর্থিক বিষয়ে সমঝোতা ও চুক্তি সম্পাদিত হয়েছে।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রমের মাধ্যমে ১ হাজার ১১৫ জন উপকারভোগী আইনগত সহায়তা পেয়েছেন। একই সময়ে ১ হাজার ১৯০ জন ব্যক্তি আইনগত পরামর্শ নিয়েছেন।

ভোলা জেলা লিগ্যাল এইডের এ কার্যক্রমের সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় রয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শরীফ এ. এম. রেজা জাকের। কার্যক্রমের সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) শহিদুল ইসলাম।

কার্যক্রমের অংশ হিসেবে ২০২৬ সালে ৯টি মাসিক সভা ও পাঁচটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সরেজমিনে পরিদর্শন ও মাপজোকের মাধ্যমে স্থানীয়ভাবে কয়েকটি জমি-সংক্রান্ত বিরোধও নিষ্পত্তি করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গত ২৮ এপ্রিল ভোলায় প্রায় ৭০০ মানুষের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল রক্তদান কর্মসূচি, র‌্যালি এবং কারাগারে আইনগত সচেতনতামূলক সভা। সরকারি আইনগত সহায়তা সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে লঞ্চঘাট, ফেরিঘাট ও বিভিন্ন বাজারে ব্যানার-ফেস্টুনের মাধ্যমে প্রচারণাও চালানো হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হওয়ায় বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমানোর পাশাপাশি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দ্রুত বিরোধ নিষ্পত্তি সম্ভব হচ্ছে। একই সঙ্গে আদালতে নতুন মামলা দায়েরের চাপ কমাতেও বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম ভূমিকা রাখছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।