সর্বশেষঃ

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের ঘটনায় সংবাদ সম্মেলন, মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ

ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সেঃ ইমাম হোসেন নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চরফ্যাশন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। এ সময় চরফ্যাশনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ইমাম হোসেন দাবি করেন, দক্ষিণ চর মাদ্রাজ, পশ্চিম এওয়াজপুর ও উত্তর ফ্যাশন মৌজার জমি নিয়ে দীর্ঘদিন ধরে কয়েক পক্ষের মধ্যে বিরোধ ও একাধিক মামলা চলমান রয়েছে। তার অভিযোগ, মুনছুর আহাম্মদ গংয়ের পক্ষ থেকে এসব মামলার বিভিন্ন তথ্য গোপন করে এবং তার ও সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, বিরোধপূর্ণ জমির বিষয়ে বিভিন্ন আদালতে মামলা হয়েছে এবং কয়েকটি মামলায় স্থগিতাদেশ ও অন্যান্য আদেশ রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, তারা বৈধভাবে জমি ক্রয় করে নামজারি ও খাজনা পরিশোধ করে ভোগদখলে রয়েছেন।

সংবাদ সম্মেলনে ইমাম হোসেন ২৩ সেপ্টেম্বরের মানববন্ধনে এবং ২৬ সেপ্টেম্বর একটি পত্রিকায় প্রকাশিত সংবাদে তাকে, স্থানীয় কয়েকজন ব্যক্তি এবং সংসদ সদস্যের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জড়িয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে ‘আজমত খান’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাদের বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও করেন।
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট কাগজপত্র ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি ইতোমধ্যে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ যাচাই করে প্রয়োজনীয় সংশোধন ও প্রত্যাহারের অনুরোধ জানান।
ইমাম হোসেন বলেন, প্রয়োজন হলে জমি সংক্রান্ত বিভিন্ন দলিল, আদালতের আদেশসহ প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।